Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ক্যান্সারের কাছে হেরে গেলেন সাংবাদিক এম. মিরাজ, বরিশালের সাংবাদিক অঙ্গনে শোক 
Saturday August 22, 2026 , 6:17 pm
Print this E-mail this

দীর্ঘদিন ধরে তিনি নন-হজকিন লিম্ফোমা রোগে আক্রান্ত ছিলেন, মাথায় ব্রেন টিউমার শনাক্ত হয় তাঁর

ক্যান্সারের কাছে হেরে গেলেন সাংবাদিক এম. মিরাজ, বরিশালের সাংবাদিক অঙ্গনে শোক


আহমেদ বায়েজিদ : বরিশালের সাংবাদিক অঙ্গনের সকলের পরিচিত মুখ, বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, বরিশাল সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং দৈনিক বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান সাংবাদিক এম. মিরাজ হোসাইন (৪৮) আর নেই। শনিবার (২২ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি বাবা, স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি নন-হজকিন লিম্ফোমা রোগে আক্রান্ত ছিলেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত মাসে স্বজনরা তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মাথায় ব্রেন টিউমার শনাক্ত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ২৭ জুলাই তাঁকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২৮ জুলাই তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাসপাতালের বেডে চিকিৎসাধীন ছিলেন। সাংবাদিক এম. মিরাজ হোসাইনের অসুস্থতার খবর পেয়ে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক মতবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী এস.এম. জাকির হোসেন ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে তাঁকে দেখতে যান। এ সময় তিনি মিরাজ হোসাইনকে আর্থিক সহায়তা প্রদান করেন। শুধু আর্থিক সহায়তাই নয়, অসুস্থ অবস্থায় সার্বক্ষণিক তাঁর পাশে থেকে চিকিৎসার খোঁজখবরও রেখেছেন এস.এম. জাকির হোসেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে ঢাকায় তাঁর নিজ কর্মস্থল দৈনিক বণিক বার্তার কার্যালয়ে নেওয়া হয় মরহুমের মরদেহ। সেখান থেকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে রাতেই মরদেহ বরিশালে আনা হবে। সাংবাদিক এম. মিরাজ হোসাইনের প্রথম নামাজে জানাজা রোববার (২৩ আগস্ট) বরিশাল নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকায় তাঁর নিজ বাড়িতে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। পরে সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে দ্বিতীয় জানাজা হবে। এরপর বরিশাল প্রেসক্লাব কার্যালয়ের সামনে মরহুমের কফিন রাখা হবে। সেখানে সহকর্মী সাংবাদিক, বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের বাড়িতে। সেখানে বাদ জোহর তৃতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে। এদিকে সাংবাদিক এম. মিরাজ হোসাইনের মৃত্যুতে বরিশালের সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিটিএমএ, সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়ন, জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় ও জেলা কমিটি এবং বরিশাল জেলা উত্তর কমিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা মরহুম সাংবাদিক এম. মিরাজ হোসাইনের রুহের মাগফেরাত কামনা করেছেন। উল্লেখ্য, এম. মিরাজ হোসাইন দীর্ঘদিন ধরে দৈনিক বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি বিভিন্ন গণমাধ্যমে দায়িত্বশীল সাংবাদিক হিসেবে কাজ করেছেন। পেশাগত জীবনে সহকর্মী ও সংবাদকর্মীদের কাছে তিনি ছিলেন একজন পরিচিত, সদালাপী ও প্রিয়মুখ। তাঁর মৃত্যুতে বরিশালের সাংবাদিক সমাজে নেমে এসেছে গভীর শোক।




Archives

Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু : সিটি প্রশাসকের শোক
Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ৪০০০ পিচ ইয়াবাসহ আপন দুই ভাই আটক