Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ 
Saturday September 19, 2026 , 9:17 pm
Print this E-mail this

হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩


অপ্রতিম হত্যা : আটক তুহিন, আনাস ও ফাহিম

মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে প্রথমে তুহিন নামে এক তরুণকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যে আনাস ও ফাহিম আহমেদ নামে আরও দুজনকে আটক করা হয়। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।

ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম

তিনি বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। সেখানে অপ্রতিমের সঙ্গে তুহিনকে দেখা যায়। পরে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তুহিনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যে আনাস ও ফাহিম আহমেদকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কোটবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শকও  ফাহিম আহমেদকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তুহিন ও আনাসকে আটকের পর ফাহিমকে আটক করা হয়। তুহিনের বাড়ি সানন্দা এলাকায়। তার বাবার নাম নুরুল আলম। অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তাঁকে উদ্ধারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করে। বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার সময় অপ্রতিমের সঙ্গে এক তরুণকে দেখা যায়। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে ওই তরুণকে আটক করা হয়। এর আগে গতকাল শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। পরে তাঁর বাবা কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ জানায়, অপ্রতিমের মুঠোফোনের অবস্থান শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত গন্ধমতী এলাকায় শনাক্ত করা হয়েছিল। এরপর মুঠোফোনটির আর কোনো অবস্থান পাওয়া যায়নি। শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মরদেহের সঙ্গে অপ্রতিমের মায়ের আইফোনটি পাওয়া যায়নি। অপ্রতিম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।




Archives

Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি