ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৬তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি ভারতের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মনোবল কামনা করেন। বার্তায় তারেক রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক-এই কামনা করি।’ এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি শুভেচ্ছা কার্ড প্রকাশ করা হয়েছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা তুলে ধরা হয়। তারেক রহমানের শুভেচ্ছা বার্তা প্রকাশের প্রায় আধা ঘণ্টার মধ্যে এর জবাব দেন নরেন্দ্র মোদি। এক্সে তারেক রহমানের পোস্টটি শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ‘আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’ ১৭ সেপ্টেম্বর ৭৬তম জন্মদিন পালন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।