|
৩১২ বোতল ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
বরিশালে ডিম বিক্রির আড়ালে ভয়ানক মাদকের কারবার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে ডিম বিক্রির আড়ালে ভয়ানক মাদকের ব্যবসার অভিযোগে ৩১২ বোতল ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব—৮। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়। র্যাব—৮ সূত্রে জানা গেছে, রোববার (মে ২৪) দুপুরে বরিশাল মহানগরের কোতয়ালি মডেল থানাধীন দক্ষিণ সাগরদি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। অভিযানে গ্রেফতার করা হয় সিদ্দিকুর রহমান ওরফে জুয়েল, বিশ্বজিৎ কুমার দাস, মো: জাহিদুল ইসলাম ও মো: লাল্টু মিয়াকে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, দক্ষিণ সাগরদি এলাকায় এক ব্যক্তি ডিমের ব্যবসার আড়ালে ফেন্সিডিল বিক্রি করে আসছে। পরে তথ্যের সত্যতা যাচাইয়ে অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযুক্ত সিদ্দিকুর রহমান ওরফে জুয়েলের ভাড়া বাসার চৌকির নিচে রাখা চারটি বাজারের ব্যাগ থেকে ৩১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বরিশাল কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। র্যাব—৮ জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Post Views: ০
|
|