Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২২, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নার্সারি মালিক অপহরণ ও নির্যাতন 
Monday February 16, 2026 , 7:21 pm
Print this E-mail this

মুক্তিপণের অভিযোগ, আটক ১, মামলা দায়েরের প্রস্তুতি

বরিশালে নার্সারি মালিক অপহরণ ও নির্যাতন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে নার্সারি মালিক মিলন শেখ (৪০) কে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ দাবির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গাছ লাগানোর কাজ দেওয়ার কথা বলে কৌশলে ডেকে নিয়ে তাকে একটি ভাড়া বাসায় আটকে রেখে নির্মম নির্যাতন করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, রোববার (ফেব্রুয়ারি ১৫) সকাল ১১টার দিকে নগরীর বান্দ রোড এলাকায় নিজ মালিকানাধীন মরিয়ম নার্সারিতে অবস্থান করছিলেন মিলন শেখ। এ সময় তার পূর্বপরিচিত ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী তাপস তাকে ফোন করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গাছ লাগানোর কাজ রয়েছে বলে জানায়। পরে তাকে রহমতপুর পল্লী বিদ্যুতের বিপরীতে একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। স্বজনদের অভিযোগ, সেখানে আগে থেকে ওত পেতে থাকা আরও দুই সহযোগীসহ মোট তিনজন মিলে মিলনের ওপর হামলা চালায়। লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার পর তার হাত-পা বেঁধে বস্তাবন্দী করে বাথরুমে আটকে রাখা হয়। পরে তার পরিবারের কাছে প্রথমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়, যা পরে কমিয়ে ২ লাখ টাকা করা হয়। ঘটনার একপর্যায়ে পাশ দিয়ে যাওয়া একটি শিশু মিলনের গোঙানির শব্দ শুনে তার মাকে জানায়। পরে স্থানীয়দের সহায়তায় মিলনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীরা মিলনের ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। তবে স্থানীয় জনতা ধাওয়া করে সুমন সমদ্দার নামে একজনকে মোটরসাইকেলসহ আটক করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় সোপর্দ করে। আটক সুমন আগৈলঝাড়া উপজেলার শুশীল সমাদ্দারের ছেলে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।হাসপাতাল সূত্র জানায়, মিলন শেখ বর্তমানে কথা বলার অবস্থায় নেই এবং তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। কোতয়ালী মডেল থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে আটক ব্যক্তিকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আল মামুন-উল ইসলাম জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই বাসাটি ভাড়া নেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
ন্যাম ভবনে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
Image
দেড় বছরের হৃদরোগী নন্দিতার পাশে অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ
Image
বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা