|
সত্য, প্রেম ও পবিত্রতার ধারক-বাহক সরকারি ব্রজমোহন কলেজে
বরিশালে উত্তরণ’র তিন যুগপূর্তি উৎসব ও পুনর্মিলনীর উদ্বোধন
মুক্তখবর বিনোদন ডেস্ক : সত্য, প্রেম ও পবিত্রতার ধারক-বাহক সরকারি ব্রজমোহন কলেজের অন্যতম সাংস্কৃতিক সংগঠন উত্তরণের তিন যুগপূর্তি উৎসব ও পুনর্মিলনীর উদ্বোধন হয়েছে আজ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী এ উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত ছিলেন-সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ কাজী জাবের আহমেদ, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাশেদুল ইসলাম শাহীন, অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বী, ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মহিউদ্দিন সহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, উত্তরণের প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ। এ ছাড়াও বরিশালের বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উত্তরণ কর্মীদের কাছে এ আয়োজন আবেগ, ভালোবাসা ও আত্মিক বন্ধনের এক বিশেষ উপলক্ষ। ১৯৮৯ সালের ৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত সংগঠনটি নানা বাধা, প্রতিকূলতা ও সময়ের পরিবর্তনকে অতিক্রম করে আজ তিন যুগের গৌরবময় পথচলা সম্পন্ন করেছে। দীর্ঘ এই পথচলায় উত্তরণ নিজেকে বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পরিচিত সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএম কলেজ বাকসুর সাবেক এজিএস অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, “ছাত্রজীবনে উত্তরণের বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠান দেখেছি। সেই সময় থেকেই উত্তরণের সদস্যদের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। আজকের অনুষ্ঠানে এসে সেই সময়ের অনেককে আবার দেখতে পেয়েছি, যা আমাকে সত্যিই আনন্দিত করেছে। বর্তমানে যারা উত্তরণকে এগিয়ে নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের প্রতিও আমার আন্তরিক ভালোবাসা ও শুভ কামনা রয়েছে।” এ সময় তিনি উত্তরণের সার্বক্ষণিক প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ বলেন, “সুস্থ সংস্কৃতি চর্চা এবং যুবসমাজের নৈতিক ও মানবিক মূল্যবোধ রক্ষায় উত্তরণ কার্যকর ভূমিকা পালন করে আসছে।” উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক ও তিন যুগপূর্তি উদযাপন পরিষদের সদস্যসচিব প্রকাশ চন্দ্র পাল বলেন, “উত্তরণের এ আয়োজন সংগঠনটির গৌরবময় পথচলার একটি বিশেষ অধ্যায়। এই দীর্ঘ পথচলায় যারা বিভিন্ন সময়ে সঙ্গী হয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। উত্তরণ ভবিষ্যতেও আরও এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।” সংগঠনের সভাপতি ও তিন যুগপূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক মাহফুজ নুসরাত মোনা বলেন, উত্তরণের গৌরবময় পথচলা অব্যাহত থাকুক। উত্তরণ চিরজীবী হোক এবং ভবিষ্যতে আরও সমৃদ্ধ হোক। এ জন্য তিনি কলেজ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। দুই দিনব্যাপী এ উৎসবের প্রথম দিন বিকেলে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ১৩ নভেম্বর শুক্রবার দিনব্যাপী চলবে পুনর্মিলনী, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাবেক ও বর্তমান সদস্যদের মিলনমেলায় মুখরিত হয়ে উঠবে উত্তরণ’র প্রাঙ্গণ।
Post Views: ০
|
|