Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১২, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন 
Wednesday November 11, 2026 , 4:27 pm
Print this E-mail this

ক্রেনটি ভেঙে পড়ে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের বার্জ (পন্টুন) কিছুটা ক্ষতিগ্রস্ত

বরিশালের কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র সামনের ক্রেন (বুম) অংশটি ভেঙে পড়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে বিআইডব্লিউটিএ’র ঘাটে এ দুর্ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টদের দাবি, কারিগরি ত্রুটির কারণে ক্রেনটি ভেঙে পড়েছে। সূত্রমতে, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে বুধবার সকালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেনের কাজ চলছিল। সকাল সাড়ে নয়টার দিকে কাজ শুরুর পর পরই যান্ত্রিক ও কারিগরি ত্রুটির কারণে হঠাৎ করেই ক্রেনের সামনের একটি অংশ ভেঙে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্ধারকারী জাহাজ নির্ভীকের মাস্টার মো. আলমগীর হোসেন জানিয়েছেন, প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও কাজ চলছিল। ক্রেনটি ধীরে ধীরে নিচে নামানোর সময় হঠাৎ করে কীভাবে টেকনিক্যাল ফল্ট করল তা আমাদেরও জানা নেই। তিনি আরও জানিয়েছেন, ঘটনার সময় আমাদের একজন জাহাজ স্টাফ আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে। বর্তমানে সে সুস্থ আছেন।উদ্ধারকারী জাহাজ নির্ভীকের কমান্ডার আব্দুল্লাহ আল বাকী বলেন, ‘ক্ষতিগ্রস্ত উদ্ধারকারী জাহাজের পড়ে যাওয়া ক্রেনটি উদ্ধারের জন্য ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ।’ এ লক্ষ্যে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএ’র অন্য একটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সেলিম মিয়া বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্রেনটি ভেঙে পড়ে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের বার্জ (পন্টুন) কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে।’ অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, ‘এ ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক তদন্ত কমিটি গঠন করবে। প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।’ জানা গেছে, ২০১৩ সালে উদ্ধারকারী জাহাজ নির্ভীক বরিশালে কীর্তনখোলা নদীর তীরে বিআইডব্লিউটিএ’র ঘাটে স্থানান্তর করা হয়। উদ্ধারকারী জাহাজটির ধারণ ক্ষমতা ২৫০ টন। বড় কোনো দুর্ঘটনা ছাড়া উদ্ধারকারী জাহাজটি চলাচল করে না।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার
Image
একদিনে সারা দেশে ৩৩ ককটেল বিস্ফোরণ, ১৩ গাড়িতে আগুন!
Image
বরিশালের কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন
Image
পে স্কেল সংক্রান্ত নতুন নির্দেশনা, সব উপজেলায় চিঠি
Image
লঘুচাপের শঙ্কা, চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস