মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এবারের ঈদুল আজহায় বরিশাল নগরীতে রেকর্ড সময়ের মধ্যে বর্জ্য অপসারণ সম্ভব হওয়ায় নগরবাসীর মাঝে যথেষ্ট স্বস্তি ফিরেছে। ঈদ ও ঈদ-পরবর্তী দিনেও এ নগরীর বিভিন্ন স্থানে পশু কোরবানি হলেও দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের ফলে পরিবেশগত কোনো সমস্যার সৃষ্টি হয়নি। পুরো নগর প্রশাসনসহ নগর প্রশাসক নিজে বিষয়টি তদারকি করায় বরিশাল মহানগরী দ্রুততম সময়ের মধ্যে পরিচ্ছন্নতা ফিরে পায়।এবারের ঈদুল আজহায় নগরীর ৩০টি ওয়ার্ডে দু’শতাধিক স্থানকে পশু কোরবানির জন্য নির্ধারণ করা হলেও এর বাইরে আরও বিপুল সংখ্যক পশু কোরবানি হয়েছে। এবার বরিশাল বিভাগে যে ৪ লক্ষাধিক পশু কোরবানি হয়েছে, তার অন্তত ৩০ হাজার এ মহানগরীতেই সম্পন্ন হয়েছে। ফলে এ বিপুল সংখ্যক পশু কোরবানি ও তার বর্জ্য ব্যবস্থাপনা ছিল একটি বড় চ্যালেঞ্জ। নগর ভবনের ৭ শতাধিক পরিচ্ছন্নতা কর্মীকে পশু কোরবানি পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত করা হয়। এ বিশাল চ্যালেঞ্জ মোকাবিলায় ৩টি পানিবাহী গাড়ি ছাড়াও ১০টি ডাম্প ট্রাক, ৩টি প্রাইমারি লোডার ছাড়াও আরও অন্তত ২০টি গার্বেজ ট্রাক নিয়োজিত করে নগর ভবন। তাৎক্ষণিক বর্জ্য অপসারণে কোরবানিদাতাদের মাঝে ৫ হাজার প্লাস্টিক ও চটের ব্যাগ সরবরাহ করা হয়। একই সাথে নগরীর পশু কোরবানির স্থানগুলোতে জমাট বাঁধা রক্ত ধুয়ে ফেলতে পানিবাহী গাড়ি থেকে দ্রুত পানি সিঞ্চন সম্পন্ন করে ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হন নগর ভবনের পরিচ্ছন্নতা কর্মীরা। প্রতিটি কনজারভেন্সি কর্মকর্তার নেতৃত্বে ৩০ ওয়ার্ড সুপারভাইজারগণ পরিচ্ছন্নতা কর্মীদের কাজের সার্বক্ষণিক তদারকি করায় দুপুর ১২টা থেকে বিকেল ৫টার মধ্যেই নগরীর বেশিরভাগ এলাকার বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। ফলে পুরো নগরী জুড়ে বিকেলের মধ্যেই স্বস্তির পরিবেশ ফিরে আসে। ঈদুল আজহার রাতে নগর প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বরিশাল ক্লাবে নগর ভবনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক নৈশভোজের আয়োজন করেন। তিনি জানান, আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই রেকর্ড সময়ের মধ্যে নগরী থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। নগর প্রশাসক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালসহ দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহার দিয়েছেন। আমরাও তাদের নিয়ে দ্রুত নগরীর পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বরিশালের নগর প্রশাসকও আলাদা পুরস্কার দেবার কথাও জানিয়েছেন।