Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর 
Friday March 20, 2026 , 4:17 pm
Print this E-mail this

পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়

ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি ধনী-গরিব সব ভেদাভেদ ভুলে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। রমজানের মহান শিক্ষার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই এক মাসের সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়। রমজানের শিক্ষাকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য বলে মনে করেন প্রধানমন্ত্রী। বাণীতে তিনি বলেন, ঈদ আমাদের ধনী-গরিব, ছোট-বড়-সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। এই আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই, এটাই হোক আমাদের অঙ্গীকার। পবিত্র ঈদুল ফিতর জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। পরিশেষে প্রধানমন্ত্রী মহান আল্লাহ তায়ালার দরবারে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত আমাদের সবার জীবনে বর্ষিত করেন। তিনি আমাদের দেশ ও জাতিকে শান্তি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যান এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত করুন।




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির