আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর, মামলার প্রক্রিয়া চলছে
বরিশালে আট আগেয়াস্ত্র, ২৭৬১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার ৩
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বরিশাল এসআরবি-৮’র অভিযানিক দল। এ সময় সাতটি বিদেশি পিস্তল, পিস্তলের ৩৩ ম্যাগাজিন, ২ হাজার ৭৬১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজসহ মোট আটটি আগ্নেয়াস্ত্রসহ জর্দা শামীমের তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বরিশাল এসআরবি-৮’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-শাহে আলম (৫০), বি এম আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। তারা সবাই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা। তিনি আরও জানান, গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানা যায় আলোচিত জর্দা শামীম গ্রেফতার হওয়ার পর তার কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে গৌরনদীতে তার মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ নিয়ে আসা হয়। পরবর্তীতে তার ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তার বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযানে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারকৃত তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।