Current Bangladesh Time
বুধবার নভেম্বর ১৮, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নদী ফায়ার স্টেশনের ড্রাইভার ও ডুবুরীর বিরুদ্ধে অভিযোগের পাহাড় 
Monday November 16, 2026 , 7:51 pm
Print this E-mail this

সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পেলে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে : মো. মানিকুজ্জামান

বরিশাল নদী ফায়ার স্টেশনের ড্রাইভার ও ডুবুরীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মানুষের জীবন ও সম্পদ রক্ষায় যাদের নিরলস কাজ করার কথা, তাদের বিরুদ্ধেই উঠেছে সরকারি সম্পদ আত্মসাৎ, যন্ত্রাংশ চুরি ও বিক্রি, জ্বালানি তেল অপব্যবহার, মাদক সংগ্রহ ও সেবন, নিয়োগ বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনের মতো গুরুতর অভিযোগ। বরিশাল নদী ফায়ার স্টেশনের মাস্টার ড্রাইভার ইমরান হোসেন ও ডুবুরি রাব্বি শেখের বিরুদ্ধে এমন ২০টি গুরুতর অভিযোগ উঠেছে। শুধু তাই নয় বরিশাল নদী ফায়ার স্টেশনের পাশাপাশি পিরোজপুর, বানারীপাড়া ও কাঠালিয়াসহ বিভিন্ন ফায়ার স্টেশনের সরকারি যানবাহন ও সরঞ্জামের যন্ত্রাংশ চুরি এবং বিক্রিরও অভিযোগ রয়েছে। সরকারি অ্যাম্বুলেন্স ও স্পিডবোটের ইঞ্জিন খুলে বিক্রি, সরকারি গাড়ি ব্যবহার করে মাদক সংগ্রহ, জ্বালানি তেল আত্মসাৎ, ব্যক্তিগত কাজে সরকারি নৌযান ব্যবহার, চাকরির নামে অর্থ লেনদেন, ভুয়া নিয়োগপত্র তৈরি, দায়িত্বে অবহেলা এবং কর্মস্থলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও রয়েছে। এমনকি চাকরিতে যোগদানের কয়েক বছরের মধ্যে বিপুল অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, পিরোজপুর ফায়ার স্টেশনের দুটি, বানারীপাড়া ফায়ার স্টেশনের একটি এবং কাঠালিয়া ফায়ার স্টেশনের একটি অ্যাম্বুলেন্স বরিশাল নদী ফায়ার স্টেশনে সংরক্ষিত ছিল। গাড়িগুলো মেরামতের জন্য বিভাগীয় কারিগরি কারখানায় নেওয়া হবে বলে সংশ্লিষ্টদের জানানো হয়েছিল। পরবর্তী সময়ে এসব গাড়ির ইঞ্জিন, ইঞ্জিন ব্লক, গিয়ার বক্স, ক্লাচ, ব্যাটারি, সিলিন্ডার, পিস্টন ও পাখাসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে বিক্রি করা হয়েছে। তাদের বিরুদ্ধে এসব যন্ত্রাংশ স্থানীয় বাজারে বিক্রির অভিযোগও রয়েছে। এছাড়া স্পিডবোটের ইঞ্জিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে আলাদা করা হয়েছে। পরে সিলিন্ডার ব্লক, পিস্টন, ইঞ্জিন কন্ট্রোল ইউনিট, কার্বুরেটর, ফুয়েল ইনজেক্টরসহ বিভিন্ন অংশ সরিয়ে বিক্রি করা হয়। এতে সরকারি স্পিডবোটের কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। বরিশাল নদী ফায়ার স্টেশনের জলজান ব্যবহার করে রাব্বি শেখ জাহাজে প্রতি রাতে মাদকের আড্ডা বসান। নির্ধারিত দায়িত্বের বাইরে গাড়ি ও নৌযান ব্যবহার করে সরকারি জ্বালানি অপচয় এবং আত্মসাৎ করা হয়েছে। জ্বালানি উত্তোলনের রেজিস্টার, লগবুক, বিল-ভাউচার ও বাস্তব চলাচলের হিসাব যাচাই করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসতে পারে। জানা গেছে, ২০১৯ সালে চাকরিতে যোগদানের পর মাত্র ছয়-সাত বছরের মধ্যে বিপুল সম্পদের মালিক হয়েছেন ড্রাইভার ইমরান। ইমরানের নামে-বেনামে জমি, বাড়ি, ব্যবসায়িক বিনিয়োগ ও অন্যান্য সম্পদ রয়েছে। এ ছাড়া পরিবারের সদস্যদের নামে সম্পদ অর্জন, জমি কেনা এবং ব্যবসায়িক সম্পৃক্ততার বিষয়ও অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ফায়ার ফাইটার বলেন, তার বিরুদ্ধে ফায়ার সার্ভিসে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ লেনদেন এবং ভুয়া নিয়োগপত্র তৈরির অভিযোগও রয়েছে।বরিশালের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা নেয়। এ ছাড়া বিভিন্ন ব্যক্তিকে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণ এবং ভুয়া নিয়োগপত্র তৈরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। রাব্বি শেখের বিরুদ্ধে নিয়মিত রোলকল ও পিটি ক্লাসে অনুপস্থিত থাকা, দায়িত্ব পালনে অবহেলা এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। এ ছাড়া সহকর্মীদের সঙ্গে অসদাচরণ, অধীনস্থ কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন, কর্মস্থলে প্রভাব বিস্তার, বহিরাগতদের নিয়ে জাহাজে মাদকের আড্ডা এবং দায়িত্ব পালনে অনীহার অভিযোগও রয়েছে। বরিশাল নদী ফায়ার স্টেশনের সরকারি জায়গায় থাকা নারিকেল গাছের ফল বিক্রির অর্থ নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। ফায়ার স্টেশনে প্রায় ৪০ থেকে ৫০টি নারিকেল গাছ রয়েছে। এসব গাছের নারিকেল বিক্রি করে পাওয়া অর্থের যথাযথ হিসাব রাখা হয়নি এবং অর্থের একটি অংশ তারা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। বরিশালের কেডিসি বস্তিতে অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ রয়েছে। অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণে বিলম্ব হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া সরকারি নৌযানের যথাযথ ওয়ার্ম-আপ না করা, ইচ্ছাকৃতভাবে নৌযান অকেজো করা, সরকারি গাড়িতে রেশনের চাল-গম উত্তোলন, ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ আত্মসাৎ ও প্রতারণা, দুর্ঘটনাকবলিত টার্নআউটের গাড়িতে সাধারণ নাগরিক পরিবহন, চুরি হওয়া খাসি জবাই করে খাওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে রাব্বি শেখের বক্তব্য পাওয়া না গেলেও মাস্টার ড্রাইভার ইমরান হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, অ্যাম্বুলেন্স ও স্পিডবোটের যন্ত্রাংশ বিক্রির প্রশ্নই আসে না। মাদক সেবনের অভিযোগও অস্বীকার করে তিনি বলেন, তিনি কখনো মাদক সেবন করেন না। জাহাজে মাদক সেবনের অভিযোগও সঠিক নয় বলে তিনি দাবি করেন। তবে সরকারি স্পিডবোট ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ স্বীকার করে ইমরান বলেন, ব্যক্তিগত কাজে কখনো স্পিডবোট ব্যবহার করেননি। তবে একদিন এক আত্মীয়কে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়েছিলেন। ছাগল চুরি করে নয় বরং ক্রয় করে জবাই করে সবাই ভাগ করে নিয়েছেন। এসব অভিযোগের বিষয়ে বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মানিকুজ্জামান বলেন, “আমাদের ডিপার্টমেন্টের মধ্যে কোনো দুষ্ট লোকের স্থান নেই। সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পেলে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।”




Archives

Image
আবারো অনিয়মে জড়িয়ে পড়েছে বরিশাল বিআরটিসি!
Image
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ২ নম্বর সতর্ক সংকেত
Image
কনসার্টে নাচানাচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের মধ্যে সংঘর্ষ
Image
বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন : সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎
Image
বরিশালে ক্রেতা সেজে চুরির পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি