|
আটক সাতজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হবে : ওসি
বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা- কর্মী আটক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর তাদের সাথে থানায় দেখা করতে আসা আরো দু’জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃতরা হলেন-বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকার বাসিন্দা ইমরান হোসেন, ইমন ও ফাইজ, ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার বাসিন্দা সুমন হাওলাদার, রাকিব সিকদার, আবু বক্কর ও রুমন। ওসি জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজের সময় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকায় এ্যাপোলো মেডিকেল কলেজের পেছনে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলো কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সুমন হাওলাদার, ইমরান, রাকিব সিকদার, ইমন ও ফাইজকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার এবং মাস্ক উদ্ধার করা হয়। ওসি আরও জানিয়েছেন, জব্দ হওয়া ব্যানারে লেখা রয়েছে ‘বাংলাদেশ ছাত্রলীগ, রমনা থানা’। পরে জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, বরিশালে ব্যানার নিয়ে মিছিলের ছবি এবং ভিডিও ধারণ করে তা ঢাকার কর্মসূচি বলে প্রচার করার পরিকল্পনা ছিল তাদের। সূত্রমতে, আটককৃতদের থানায় নিয়ে আসার পর তাদের সাথে দেখা করতে থানায় আসে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আবু বক্কর ও রুমন নামের আরও দুজন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদেরও আটক করা হয়। আটক সাতজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলেও ওসি উল্লেখ করেন।
Post Views: ০
|
|