|
গুমরানো শব্দ – স্নিগ্ধা দে রিংকু
গুমরানো শব্দ
– স্নিগ্ধা দে রিংকু
মনের কথা রয়ে যায় মনে, লিখতে পারি না।
কত বঞ্চনা, কত লাঞ্ছনা, কত যন্ত্রণা বয়ে বেড়াই রাতদিন, লিখতে পারি না।
অনেক পাওয়া, আবার অনেক টা না পাওয়া
রেখে যায় গভীর ক্ষতচিহ্নের অবয়ব, তবু ও
তাকে প্রকাশ্যে আনতে পারি না।
মনের কথা রয়ে যায় মনে, লিখতে পারি না।
প্রথম প্রেমের নীরব আকুতি, নিঃস্ব হবার
আরাধনায় রত কবির কল্পনার জগতের
প্রতিটি সূক্ষ্ম জট বাঁধা দানাগুলো,
সমাজের ভয়ে কখনো উন্মুক্ত হয় না।
গুমরে কাঁদে প্রতিটি মুহূর্ত তবু তা ভাষাহীন।
মনের কথা রয়ে যায় মনে, লিখতে পারি না।
প্রতিবাদ, প্রতিরোধ এ গর্জে ওঠা কথাগুলো,
নির্বিষ সাপের ফনার মতো গজরাতে থাকে।
অবিচার, অনাচার, অত্যাচারে জর্জরিত
প্রতিটি শব্দ গিলে গিলে পেট ফুলে ওঠে,
তবু তাকে জনসম্মুখে আনতে পারি না।
মনের কথা রয়ে যায় মনে, লিখতে পারি না।
Post Views: ০
|
|