বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বরিশাল শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রসেনাদের একজন ছিলেন তিনি
বরিশালে সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ প্রফেসর হানিফের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: হানিফের মরদেহে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার বাদ জোহর নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে তাঁর মরদেহ নিয়ে আসা হয়। এ সময় মহানগর আওয়ামী লীগ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: ছাদেকুল আরেফিন, মহানগর বিএনপি, বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংস্কৃতিক সংগঠন উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর দীর্ঘদিনের কর্মস্থল সরকারি বিএম কলেজ ক্যাম্পাসে। বাদ আসর বিএম কলেজ ক্যাম্পাসের বিজ্ঞান ভবনের সামনে শেষ জানাজা করে মরদেহ নগরীর মুসলিম গোরস্থানে দাফন করার কথা জানান বিএম কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো: আক্তারুজ্জামান। এর আগে, সোমবার রাতে ঢাকায় সংক্ষিপ্ত পরিসরে একটি জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার রাত সোয়া ১০টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মো: হানিফ দীর্ঘদিন ধরে বয়সজনিত নানা রোগে ভূগছিলেন বলে জানিয়েছেন বিএম কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো: আক্তারুজ্জামান খান। প্রফেসর মো: হানিফ জীবদ্দশায় ব্রজমোহন কলেজ ছাড়াও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ও বরিশাল ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এবং যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া, বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটির সাবেক সদস্য ছিলেন তিনি। বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বরিশাল শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রসেনাদের একজন ছিলেন অধ্যক্ষ মো: হানিফ।