Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৩, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পৌনে দুই কোটিতে আওয়ামী লীগের কমিটি! 
Thursday November 19, 2026 , 8:17 pm
Print this E-mail this

আবুল হাসানাত আব্দুল্লাহ ও তালুকদার মোহাম্মদ ইউনুসের সাক্ষরে

বরিশালে পৌনে দুই কোটিতে আওয়ামী লীগের কমিটি!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গৌরনদী উপজেলা শাখার কমিটি হঠাৎ করেই ঘোষণা করেছে দলীয় কার্যক্রমে অনেকটা নিষ্ক্রিয় থাকা বরিশাল জেলা আওয়ামী লীগ। ভারতের মুম্বাই শহরে পলাতক বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ ও দেশেই পলাতক থাকা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসের সাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়। অভিযোগ উঠেছে ত্যাগীদের বাদ দিয়ে প্রায় পৌনে দুই কোটি টাকা লেনদেনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেছেন পলাতক শেখ হাসিনার ফুফাতো ভাই হাসানাত আব্দুল্লাহ। তবে ১৪ নভেম্বর বরিশাল জেলা আওয়ামী লীগের প্যাডে ঘোষিত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কমিটির কাগজে উল্লেখ করা হয়েছে, ‘বরিশাল জেলা আওয়ামী লীগের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক গনতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে, ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার ও শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই বিলুপ্ত ও নতুন আহবায়ক কমিটি অনুমোদন করা হলো।’ যদিও বরিশাল জেলা আওয়ামী লীগের কমিটিই মেয়াদ উত্তীর্ন হয়েছে বহু আগেই। মেয়াদ উত্তীর্ণ জেলা আওয়ামী লীগের কমিটি সাংগঠনিকভাবে নতুন কমিটি দেওয়া বা বিলুপ্ত করার এখতিয়ার নেই বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের একাধিক নেতা। ১৪ নভেম্বর ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কমিটিতে আহবায়ক করা হয়েছে গৌরনদী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়াকে। এছাড়াও ছয়জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এরা হলেন-গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ মৃধা, সৈকত গুহ পিকলু, মাসুম মল্লিক খোকন, জামাল হোসেন বাচ্চু ও ফরহাদ হোসেন মুন্সী। এছাড়াও কমিটিতে সদস্য হয়েছেন-এইচ এম জয়নাল আবেদীন, এইচ এম হারুন, গৌরনদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, আঃ রব হাওলাদার, শাজাহার প্যাদা, নূর আলম সেরনিয়াবাত, মেজবা উদ্দিন আকন, জাহাঙ্গীর মোল্লা, সুশীল করাতি, কবির হোসেন খান, কৃষ্ণ কান্ত দে, আলমগীর হোসেন কবিরাজ, মতলেব মাতুব্বর, মেজবা উদ্দিন শরীফ ফিরোজ, গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, মিজানুর রহমান, ফারুক হোসেন বেপারী, শাহিদা আক্তার, সৈয়দ মাহাবুব আলম ও রেজাউল করিম টিটু। গৌরনদী উপজেলা আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক নেতা বলছিলেন, দলের বর্তমান নির্দেশনা হচ্ছে নতুন কমিটি গঠন বা বিলুপ্ত করতে হলে দলীয় সভানেত্রী শেখ হাসিনার অনুমতি নিতে হবে। সেই ক্ষেত্রে শেখ হাসিনার নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়েছেন তার ভাই হাসানাত আব্দুল্লাহ। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় এখন নতুন কমিটি বাণিজ্য শুরু করেছেন তিনি ও তার একমাত্র শিষ্য তালুকদার মোহাম্মদ ইউনুস। প্রথমে এই কমিটি সাড়ে তিন কোটি টাকার বিনিময়ে হওয়ার কথা ছিলো, পরে পৌনে দুই কোটি টাকায় ফিক্সড হয়। যারা নির্যাতিত বা তৃণমূলের কর্মী তাদের কোনো মতামতই নেওয়া হয়নি এই কমিটি গঠনের সময়। কাদের নিয়ে হাসানাত আব্দুল্লাহ ও ইউনুস জরুরী বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমরা জানতে চাই। টাকার বিনিময়ে যে এই কমিটি হয়েছে সেটা ওপেন সিক্রেট। তাছাড়া হাসানাত ভাই মুম্বাইতে বসে কমিটি ঘোষণা করবে তাও টাকা ছাড়া, সেটা বরিশাল আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে অবিশ্বাস্য। বরিশাল জেলা আওয়ামী লীগের এক জেষ্ঠ্য নেতা মন্তব্য করছিলেন, দলীয় সভানেত্রীর ফুফাতো ভাই হওয়ায় হাসানাত আব্দুল্লাহ একচ্ছত্র আধিপত্য বরিশালজুড়ে। যে কারণে আমরা কোনো সময়ই কিছু বলতে পারতাম না, আর যারা বলতো তাদের কথা শেখ হাসিনার কান পর্যন্ত পৌঁছাতো না। হাসানাত ভাই দেশে থেকে যা করতেন ভারতে পলাতক থেকেও কমিটি বাণিজ্য করাটা ছাড়েনি। আরো কয়েকটা উপজেলা ও পৌরসভার কমিটি খসড়া করেছেন, মেয়াদ উত্তীর্ণ অযুহাতে সেই কমিটিগুলো বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করবেন শেখ হাসিনার অজান্তে। ২০১২ সালে আবুল হাসানাত আব্দুল্লাহকে সভাপতি ও তালুকদার মোহাম্মদ ইউনুসকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছিলো, পরে ২০১৬ সালে সেই কমিটি পূর্নাঙ্গ হয়। জেলা আওয়ামী লীগের কমিটি যদি ১৪ বছর পরও মেয়াদ উত্তীর্ণ না হয় তাহলে উপজেলা ও পৌরগুলো কিভাবে মেয়াদ উত্তীর্ণ হয়। এগুলো সব কমিটি বাণিজ্য করার ধান্দা। যারা জেল জুলুম খেটেছে তাদের বাদ দিয়ে কমিটি গঠন করাটা অযৌক্তিক ও সংগঠনের জন্য ক্ষতিকর। যিনি পৌর আওয়ামী লীগের সভাপতি, তাকে আবার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক করা হয়েছে। অর্থাৎ একই ব্যক্তি দুই ইউনিটের সভাপতি পদে রাখা হয়েছে। এসব কার্যক্রম সাংগঠনিক দক্ষতা ও সংগঠনকে প্রশ্নবিদ্ধ করছে। গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ অভিযোগ করেন, দলের জন্য দুইবার জেলে ঢুকতে হয়েছে। অসহ্য নির্যাতনের শিকার হয়েছি। আমার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, হামলা ও লুটপাট চালানো হয়েছে। আমার মত গৌরনদীতে আওয়ামী লীগের ক্ষতিগ্রস্থ কেউ নেই। সেখানে নতুন কমিটি হচ্ছে সেটা জানি না, কমিটি বিলুপ্ত করা হয়েছে সেটাও জানার সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক অধিকার আমার রয়েছে। অসহনীয় নির্যাতনের শিকার হয়ে এখন আমি ঘোষিত কমিটির ২২ নম্বর সদস্য পদ পেয়েছি। এখানে কিভাবে কি হয়েছে সেটা সবাই জানে, আমি নতুন করে কিছু বলতে চাই না। ত্যাগীদের অবমূল্যায়ন কোনো দলের জন্যই সুখকর নয়। যে কমিটির সাথে তৃনমূলের সংযোগ নেই, সেই কমিটির গ্রহণযোগ্যতাও নেই কর্মীদের কাছে। বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসের মধ্যস্থতায় এই কমিটি ঘোষণা করা হয়েছে। আর এই কমিটি নিয়ে প্রায় তিন মাস দেন দরবার চলেছে। কমিটির মধ্যে হস্তক্ষেপ রয়েছে হাসানাত আব্দুল্লাহর ছোট ছেলে আশিক আব্দুল্লাহরও। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণার সুযোগে কমিটি বাণিজ্য শুরু করেছেন হাসানাত আব্দুল্লাহ ও ইউনুস তালুকদার। তবে এসব অভিযোগ হাস্যকর হিসেবে অভিহিত করেছেন সদ্য ঘোষিত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মনির হোসেন মিয়া। গৌরনদী উপজেলার সাবেক এই চেয়ারম্যান বলেছেন, যোগ্যতা অনুযায়ী গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। এখানে আর্থিক লেনদেনের বিষয়টি হাস্যকর ও ভিত্তিহীন। টাকা দিয়ে আমরা কমিটি কিনি না। দলের দুঃসময়ে আমাদের নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ যে কমিটি ঘোষণা করেছেন, সেই কমিটি আন্দোলন সংগ্রামে বিশেষ ভূমিকা পালন করবে, যেটা ভবিষ্যতে আপনারা দেখবেন। দল ও কর্মী বিচ্ছিন্ন নেতাদের কোনো কথা এখন আর কেউ কানে নেয় না। তৃণমূল ও ত্যাগী আওয়ামী লীগ নেতাদের নিয়ে গঠিত হয়েছে এই নতুন কমিটি। আমি যেহেতু পৌর কমিটির সভাপতি পদে রয়েছি, সেই কমিটি বিলুপ্ত করে শিগগিরই নতুন কমিটি গঠন করবেন নেতৃবৃন্দ। এদিকে কমিটি গঠন নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগের বিষয়ে জানতে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে