মুক্তখবর ডেস্ক রিপোর্ট : যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। রোববার (৮ নভেম্বর) দুপুরে নগরীর পুলিশ লাইন রোড এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যায়, যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা একটি মিছিল বের করে। জানা যায়, রোববার দুপুরের দিকে নগরীর পুলিশ লাইন রোড এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলের ব্যানারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ছবি দেখা গেছে। বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, একটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। আমরা মাঠে আছি। মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।