বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ
বরিশালে ঐতিহাসিক সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির বর্ণাঢ্য র্যালি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র্যালি করেছে বরিশাল মহানগর বিএনপি। শনিবার (৭ নভেম্বর) মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (সুমন) এমপি। এছাড়া উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। আরও উপস্থিত ছিলেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং মহানগর বিএনপির সদস্য জিয়াউদ্দিন সিকদারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। র্যালিতে অংশগ্রহণকারীরা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতির বার্তা দেন। এ সময় মহানগর বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। দিবসটি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে বিএনপির নেতাকর্মীরা ঐতিহাসিক ৭ নভেম্বর স্মরণ করেন।