মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এলপিজি সিলিন্ডারের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ মজুদ প্রতিরোধ এবং সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে বরিশাল মহানগরীর শীতলাখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে এলপিজি বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠানের মজুদ, বিক্রয়মূল্য, মূল্যতালিকা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। একই সঙ্গে অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি, অবৈধভাবে মজুদ এবং কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার বিষয়ে তদারকি করা হয়। অভিযানকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি, দোকানে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন এবং প্রচলিত আইন ও বিধি—বিধান মেনে এলপিজি মজুদ ও বিক্রয় কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলপিজি সিলিন্ডারের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ন্যায্যমূল্যে এলপিজি প্রাপ্তি নিশ্চিত করতে বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।