|
আদালতে সোপর্দ, শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন
মাদকবিরোধী অভিযান এড়াতে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথেই আটক ৫ কারবারি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অভিযান থেকে বাঁচতে দুই লাখ টাকা খরচ করে পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন বরিশালের কেডিসি এলাকার একদল মাদক কারবারি। তবে শেষ রক্ষা হয়নি, পাঁচ দিনের ভ্রমণ শেষে বরিশালে ফেরার পথেই বাসে তল্লাশি চালিয়ে তাদের মধ্যে পাঁচজনকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে পুরোনো মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের পাঠানো হয়েছে কারাগারে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।কারাগারে পাঠানো পাঁচজন হলেন-নগরীর কেডিসি বস্তির বাসিন্দা নিলুফা বেগম (৩৩), তার স্বামী রাসেল হাওলাদার (৩৪), একই এলাকার মো. সোহেন (২৯), মো. মিঠু হাওলাদার (৩০) এবং আসমা বেগম (৩৩)। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপপরিদর্শক তানজিল আহমেদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক মামলা চলমান। তার তথ্যমতে, নিলুফা বেগমের বিরুদ্ধে ৯টি, রাসেল হাওলাদারের বিরুদ্ধে দুটি, মো. সোহেনের বিরুদ্ধে চারটি, মিঠু হাওলাদারের বিরুদ্ধে দুটি এবং আসমা বেগমের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান মাদকবিরোধী সাঁড়াশি অভিযান থেকে বাঁচতেই কেডিসি এলাকার এই মাদক কারবারি চক্রটি প্রায় দুই লাখ টাকা খরচ করে ইউরো পরিবহনের একটি স্লিপার বাস ভাড়া করে পরিবারসহ কক্সবাজার বেড়াতে যায়। পাঁচ দিনের ভ্রমণ শেষে সোমবার দুপুরে তারা বরিশালের উদ্দেশে ফিরতি পথ ধরে।ফেরার পথে বিমানবন্দর এলাকায় পৌঁছালে বাসটি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় যাত্রীদের মধ্য থেকে ওই পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তল্লাশিকালে তাদের কাছে নতুন করে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। তবে মঙ্গলবার তাদের বিরুদ্ধে থাকা পূর্বের মাদক মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয় এবং শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
Post Views: ০
|
|