খবর বিজ্ঞপ্তি : সম্প্রতি বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েকটি অনিবন্ধিত ও দায়িত্বহীন অনলাইন নিউজ পোর্টালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এ ধরনের অপতৎপরতার মাধ্যমে তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুন্ন করার পাশাপাশি বরিশাল রিপোর্টার্স ইউনিটির দীর্ঘদিনের অর্জিত ভাবমূর্তি ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বরিশাল রিপোর্টার্স ইউনিটির নির্বাহী পরিষদের যৌথ সভায় বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত সদস্যরা একমত পোষণ করেন যে, সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল প্রতিনিধি এবং সংগঠনের নির্বাচিত সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এ ধরনের অসত্য, বানোয়াট ও মানহানিকর প্রচারণা কেবল ব্যক্তি বিশেষকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টাই নয়, বরং একটি পেশাদার সাংবাদিক সংগঠনের সম্মান ও ঐক্যের ওপরও আঘাত। সভায় এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং বলা হয় যে, স্বাধীন সাংবাদিকতা ও সুস্থ গণমাধ্যম চর্চার পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যে পরিচালিত যেকোনো অপতৎপরতা কখনোই গ্রহণযোগ্য নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গুজব, অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়া দায়িত্বশীল নাগরিক আচরণের পরিপন্থী এবং আইনের দৃষ্টিতেও শাস্তিযোগ্য অপরাধ।