Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বর্ষাকাল – কামরুন নাহার মুন্নী 
Saturday July 25, 2020 , 5:03 pm
Print this E-mail this

বর্ষাকাল – কামরুন নাহার মুন্নী


বর্ষাকাল
– কামরুন নাহার মুন্নী

আষাঢ়, শ্রাবণ এলে বাংলার বুকে
বৃষ্টি পতনে মন ভরে ওঠে সুখে।
কদমের সুগন্ধ বলে যায় রোজ
বর্ষা যে এসে গেছে, রেখেছো কি খোঁজ?

আকাশটা ছেয়ে যায়, কালো কালো মেঘে
ঠাণ্ডা বাতাস যে বয়ে যায় বেগে।
ভোরবেলা বৃষ্টিতে ঘুম ঘুম চোখে
কাঁথা গায়ে শুয়ে থাকা আরাম, কে রোখে?

ভেজা কাক উড়ে চলে, ডানা ঝাপটায়
আশ্রয় খুঁজে পেতে ডালে ডালে যায়।
টুপটাপ, রিমঝিম বৃষ্টি নূপুর
একা ঘরে ভাবনায় উদাস দুপুর!

বিকেলের বৃষ্টিতে জানালাটা খুলে
বৃষ্টির ছোঁয়া লেগে মন ওঠে দুলে।
বাতাসে বেড়ায় ভেসে ফুলের সুবাস
ভরা জলে ছেয়ে যায় নদীর দুপাশ।

হাঁসগুলো জলকেলি করে দিনভর
মেঘের মাদলে নাচে ময়ূর প্রহর।
গাছপালা প্রাণ পায়, বর্ষার জলে
মাঠে গিয়ে বল খেলে, ছেলে দলে দলে।

চাল ভাজা,মুড়ি মাখা, নারকেল কোড়া
বিছিয়ে মাদুর কিবা সাজিয়ে মোড়া।
কাঁঠালের বিচি ভাজা, টাটকা বাদাম
সবে মিলে খাই বসে, আহা! কী আরাম!

ধোঁয়া ওঠা লেবু চা, গরম গরম
আয়েশে চুমুক দিই, শান্তি পরম!
বর্ষণ মুখরিত সন্ধ্যা রাতে,
ভাবনায় হাত রাখি প্রিয়তম হাতে।

খোঁপায় পরিয়ে দেয় বকুলের মালা
সুবাস অঙ্গে তার বেলি ফুল ঢালা।
মুখোমুখি দুটি প্রাণ, আমরা দুজন
ঝরছে মুষলধারে বৃষ্টি ভীষণ!

আমাদের কথাগুলো ধারাজল হয়ে
বৃষ্টি পতনে শোনো ঝরে রয়ে রয়ে।
থেমো না বৃষ্টি তুমি, যাও না ঝরে
মিলনের মধুক্ষণ দাও না ভরে!

রাতভর বৃষ্টিতে বিরহিনী প্রাণ
বুকে বাজে বেদনার হাহাকার গান!
অভিমানে কেঁদে ওঠে রাতের আকাশ
হু হু করে সাথে কাঁদে ব্যাকুল বাতাস!

ডোবাধারে ডাকে ব্যাঙ, ডাহুক পাখি
ব্যাথার বাদল ঝরে ভরে দুটি আঁখি!
বাঙালির সুখে, দুঃখে বর্ষার কাল
দিয়েছে ভরসা আর প্রীতি, মায়াজাল।

উৎসর্গ : বিদগ্ধ রুচির, প্রিয় সহকর্মী শাহীনা ইয়াসমিন প্রীতিভাজনেষু।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম