অভিযান চালিয়ে একটি শোরুম থেকে দুইটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ
বরিশালে মোটরসাইকেল চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকায় মোটরসাইকেল চুরি করার সময় চারজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার (২৪ জুলাই) রাতে তাদের আটক করে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর অভিযান চালিয়ে একটি শোরুম থেকে দুইটি মোটরসাইকেল ও চোরাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মোটরসাইকেল মালিক সায়েম। আটককৃত হলেন-মেকার রানা, আজমীর, শান্ত ও তাজুল ইসলাম রানা। জানা গেছে, শুক্রবার রাতে নগরীর ত্রিশ গোডাউন এলাকার আম বাগান নামক স্থানে মোটরসাইকেল রেখে পাশেই আড্ডা দিচ্ছিলেন সায়েম ও তার বন্ধুরা। এ সময় একটি প্রাইভেটকারে করে চোরচক্রের কয়েকজন সেখানে আসেন। এরপর মেকার রানা সেখানে রাখা সায়েমের মোটরসাইকেলটির তালা ভাঙার চেষ্টা করেন। বাকিরা তাকে এ কাজে সহযোগী করছিলেন। এ সময় সায়েমের এক বন্ধু বিষয়টি প্রত্যক্ষ করলে তারা মোটরসাইকেলটির কাছে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় হাতেনাতে তিনজনকে আটক করে। এর কিছু পর নগরীর ভিআইপি গেট এলাকার ‘ছাহাল মটর্স’ নামের মোটরসাইকেল শোরুমের মালিক তাজুল ইসলাম রানা হাতে একটি লোহার রড নিয়ে তাদের রক্ষা করতে সায়েম ও তার বন্ধুদের উপর চড়াও হন। অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা ডিবি পুলিশকে খবর দিলে এসআই রাকিবের নেতৃত্বে একটি টিম গিয়ে চারজনকে আটক করে নিয়ে আসেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে ‘ছাহাল মটর্স’ থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পাশাপাশি চোরাই কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মোটরসাইকেল মালিক সায়েম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে এসআই রাকিব বলেন- মোটরসাইকেল চুরির সময় স্থানীয়রা চারজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে ‘ছাহাল মটর্স’ থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পাশাপাশি চোরাই কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। মোটরসাইকেল মালিক বাদী হয়ে মামলা দায়ের করেছে, তাদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।