মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ফুটপাত, রাস্তা ও জনসাধারণের ব্যবহার্য জায়গায় থাকা অবৈধ দোকান ও স্থাপনা নিজ দায়িত্বে অপসারণের জন্য নোটিশ জারি করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। শুক্রবার (এপ্রিল ৩) বিকালে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। মিডিয়া সেলের অ্যাডমিন সাকলাইন মোস্তাক সাংবাদিকদের জানান, সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিনের নির্দেশে নগরীর ফুটপাত, রাস্তা ও জনসাধারণের ব্যবহার্য স্থানে থাকা অবৈধ স্থাপনা আগামী ১০ এপ্রিলের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, “আমার জন্ম এই শহরে। আমি জানি এই শহরের কী কী সমস্যা রয়েছে। বরিশাল নগরীর অধিকাংশ ফুটপাত অবৈধ দখলে রয়েছে, ফলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। এসব আর সহ্য করা হবে না।” তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণ না করা হলে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় উচ্ছেদ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া সিটি কর্পোরেশনের বিভিন্ন সেবা সংক্রান্ত সমস্যা, অভিযোগ, পরামর্শ ও সম্ভাবনার বিষয়ে ছবি ও ভিডিওসহ সরাসরি প্রশাসকের কাছে জানাতে নগরবাসীকে আহ্বান জানানো হয়েছে। এজন্য ০১৬১৬১৬৪৬৯৬ ও ০১৭৩০৪৪১৩৩৫ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য পাঠানোর অনুরোধ জানিয়েছে সিটি কর্পোরেশন।