পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড় বুলবুল’র সাড়ে তিন ঘণ্টার তাণ্ডব
মো: সজিব হোসেন ফরাজী : ঘূর্ণিঝড় বুলবুল পিরোজপুরের কাউখালীতে সাড়ে তিন ঘণ্টার তাণ্ডবে অসংখ্য ঘরবাড়ি, গাছপালা আর ফসলের মাঠে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার সকাল সাড়ে আটটার দিকে আঘাত হানে বুলবুল। প্রবল বৃষ্টি আর ঝড়ের তাণ্ডব চলে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে। রাস্তাঘাটে গাছ পড়ে বন্ধ হয়ে যায় যানবাহন ও জনসাধারণের চলাচল। বিদ্যুতের খুঁটি উপড়ে ও তার ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। বুলবুলের প্রভাবে সন্ধ্যা ও কচাঁ নদীর পানি স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ফুট উচ্চতায় প্রবাহিত হওয়ায় ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। এতে জোয়ারের পানি ফসলের মাঠ ও বসতবাড়িতে ঢুকে পড়েছে। জলোচ্ছ্বাসে ভেসে গেছে কয়েকশ পুকুর ও ঘেরের মাছ। এদিকে ঝড়ের প্রভাব কেটে যাওয়ায় দুপুরর পর থেকে লোকজন আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে। তবে শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীরা আশ্রয় কেন্দ্রেই অবস্থান করছে। দুপুরে আশ্রয় কেন্দ্রগুলোতে উপজেলা প্রশাসনের সহায়তায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে খাবার সরবরাহ করা হয়েছে। কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, চিরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদ খান খোকন, আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুদ্দোহা চাঁন এবং সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলিজা সাঈদ, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার জানান, তাদের পাঁচটি ইউনিয়নে ঝড়ে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বেশিরভাগ ঘর গাছ উপড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কয়েক হাজার বিভিন্ন প্রজাতির ছোটবড় গাছ ভেঙে ও উপড়ে পড়েছে। সহস্রাধিক পুকুর ও ঘেরের মাছ অন্যত্র ভেসে গেছে।