|
আজ বিশ্ব মা দিবস
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আজ রোববার বিশ্ব মা দিবস। বিশ্বের বিভিন্ন দেশে মায়েদের নিয়ে আছে নানা আয়োজন। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার দিনটি মা দিবস হিসেবে উদযাপিত হয়। মা দিবসের উদ্দেশ্য হলো—সবাইকে স্মরণ করিয়ে দেয়া যে, মা ছাড়া এই পৃথিবীতে আপন নিবাসের ঠিকানা খুবই কম। মায়েদের শ্রদ্ধা জানানোর জন্যই এই দিবস। মা দিবসের সূচনা হয় ১৯০৮ সালে। পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন তারিখে দিনটি পালন করা হয়। নরওয়েতে, মার্চের চতুর্থ রোববার আয়ারল্যান্ড, নাইজেরিয়া ও যুক্তরাজ্যে মা দিবস পালিত হয় ফেব্রুয়ারির দ্বিতীয় রোববার। তবে বাংলাদেশে মা দিবস নির্ধারণ করা হয়েছে মে মাসের দ্বিতীয় রোববার। মা দিবসের প্রবক্তা আনা জার্ভিস মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ও ওহাইওর মাঝামাঝি ওয়েবস্টার জংশন এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর মা অ্যান মেরি রিভস জার্ভিস সারা জীবন ব্যয় করেন অনাথ-আতুরের সেবায়। মেরি ১৯০৫ সালে মারা যান। লোকচক্ষুর অগোচরে কাজ করা মেরিকে সম্মান দিতে চাইলেন মেয়ে আনা জার্ভিস। অ্যান মেরি রিভস জার্ভিসের মতো দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে আনা জার্ভিস প্রচার শুরু করেন। সাত বছরের চেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পায় মা দিবস। দিবসটির বাণিজ্যিকীকরণের বিরোধিতা করে আনা জার্ভিস বলেছিলেন, ‘মাকে কার্ড দিয়ে শুভেচ্ছা জানানোর অর্থ হলো, তাকে দুই কলম লেখার সময় হয় না। চকলেট উপহার দেয়ার অর্থ হলো, তা নিজেই খেয়ে ফেলা।’ পৃথিবীর সব দেশে এই দিনে মা দিবস উদযাপন করা হয় না। দেশে দেশে মা দিবস উদযাপনের ধরনেও আছে পরিবর্তন। চলুন দেখে নিই কিছু দেশের মা দিবস পালনের রীতি—
জাপান : জাপানেও মে মাসের দ্বিতীয় রোববারই মা দিবস পালিত হয়। তবে এ দিনে সবাই নিজ নিজ মা’কে লাল কার্নেশন ফুল উপহার দেয়। জাপানে মা দিবস উপযাপন হয়ে আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। এর আগে সে দেশে পাশ্চাত্যের অনেক রীতিনীতি অনুসরণ নিষিদ্ধ ছিল।
ইথিওপিয়া : ইথিওপিয়াতে তিন দিনব্যাপী উদযাপন হয় মা দিবস। এই উৎসবকে বলা হয় আন্ত্রোশত। সাধারণত সে দেশে বর্ষাকালের শেষে, হেমন্তকালে এই উৎসব হয়। উৎসবে গান, নাচ ও ভোজের ব্যবস্থা থাকে।
যুক্তরাজ্য : যুক্তরাজ্যে অনেকটা ধর্মীয় ভাবধারার মাঝে পালিত হয় মা দিবস। খ্রিস্টানদের একটি ধর্মীয় আচার হলো ছয় সপ্তাহ ধরে চলা ‘লেন্ট’। লেন্ট চলাকালীন অনেকেই উপবাস করেন এবং বিলাসিতা বর্জন করেন। যুক্তরাজ্যে লেন্ট চলাকালীন চতুর্থ রবিবারে মা দিবস পালিত হয়। সে অনুযায়ী এ বছর ১১ মার্চ তারা মা দিবস পালন করেছে। এই রীতিটি ৪০০ বছরের পুরনো। ওই দিনে তরুণরা কাজ থেকে ছুটি পায় এবং পরিবারের সাথে সময় কাটায়। কথিত আছে, তরুণরা বাড়ি আসার সময় মায়ের জন্য রাস্তার পাশ থেকে ফুল তুলে আনত বা মায়ের জন্য বিশেষ খাবার প্রস্তুত করত। যুক্তরাষ্ট্রের মা দিবসের সাথে এই রীতির বেশকিছু মিল আছে। তবে যুক্তরাজ্যের মা দিবসের একটি বিশেষত্ব হলো সিমনেল কেক, এক ধরনের ফ্রুটকেক।
মেক্সিকো : মেক্সিকোতে বেশ ঢাকঢোল পিটিয়ে মা দিবস উদযাপন করা হয়। সেখানে মে মাসের ১০ তারিখ মা দিবস ধরা হয়। সাধারণত মা’কে নিয়ে বাইরে কোথাও খেতে বের হন সন্তানরা।
থাইল্যান্ড : থাইল্যান্ডে ১২ আগস্ট মা দিবস পালিত হয়। এই দিনটি হলো সে দেশের সাবেক রাজা ভূমিবলের স্ত্রী সিরিকিতের জন্মদিন। ওই দিনে সাধারণত মা’কে উপহার হিসেবে বেলি ফুল দেওয়া হয়।
মিশর : প্রাচীন মিশরীয়রা মাতৃত্বকে বিশেষ মর্যাদার দিন এবং বার্ষিক উৎসবের মাধ্যমে মাতৃত্বের দেবী আইসিসকে সম্মান জানাতো। আধুনিক মিশরে প্রথম মা দিবস পালন হয় ১৯৫৬ সালের ২১ মার্চ।
ফ্রান্স : ১৯৫০ সালে মে মাসের শেষ রবিবার মা দিবস পালন করার একটি আইন পাস হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এই দিবসটি জুনের প্রথম রবিবারেও পালন করে থাকে তারা। ফরাসীরা মা দিবসে ফুল বা ফুলের আকারে তৈরি কেক উপহার দেয় মা’কে।
Post Views: ০
|