|
ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে
ভারতীয় আগ্রাসনের উত্তাল বরিশালে
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভারতের আগরতলা সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক দল। মঙ্গলবার (নভেম্বর ৩) বেলা সাড়ে ১২ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বিএনপি জেলা ও মহানগর পৃথক পৃথক বিক্ষোভ করে। বিক্ষোভ থেকে হামলাকারীদের বিচার ও ভারতীয় আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। বেলা ১১টায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে হাসপাতাল রোড হয়ে সদর রোড টাউন হলের সামনে এসে জড়ো হয়। এরপরে বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি বরিশাল কলেজ, হাতেম আলি কলেজ, অমৃত লাল দে কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এসে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলের সামনে এস শেষ হয়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা জানান, ভারতের উগ্রবাদীরা বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য আগরতলায় আমাদের সহকারী হাইকমিশনে হামলা চালায়। ভারত এর মাধ্যমে স্পষ্ট করলো বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে হামলা চালিয়েছে। স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেব। শিক্ষার্থী জনতার রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে ভারতীয় উগ্রবাদীদের আস্ফালন মেনে নেয়া হবে না। ভারত যে কোনোদিনই বাংলাদেশের বন্ধু ছিল না তার প্রমাণ হয়ে গেছে। আমাদের সীমান্তে ভারতের উগ্রবাদীরা প্রবেশের চেষ্টা দেখিয়ে দুঃসাহস দেখিয়েছে। আমরা আর ছাড় দেব না। বাংলাদেশ জেগে উঠেছে। আমাদের আর ভুল বুঝিয়ে দমিয়ে রাখা যাবে না। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। বিক্ষুব্ধরা এসময়ে ভারতের আগ্রাসনবিরোধী বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তব্য রাখেন-সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থী শাহাবুদ্দিন মিয়া, মো: রেদোয়ান, আজিজুল ইসলাম, রহমাতুল্লাহ সরদার সাব্বির, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদুল ইসলাম, সরকারি সৈয়দ হাতেম আলি কলেজ শিক্ষার্থী মো: ইমরান শওকত, রাকিবুল ইসলাম, গোলাম মোস্তফাসহ প্রমুখ। এদিকে একই দাবিতে মহানগর বিএনপির উদ্যোগে বেলা সাড়ে ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কর্যালয়ে এসে শেষ শেষ হয়।
Post Views: ০
|
|