|
আব্দুল্লাহ নামের শিশুটি নিখোঁজ, হাসপাতালে সতর্কতা জারি
ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরির অভিযোগ!
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের ১০৬ নম্বর ওয়ার্ড থেকে তিন দিন বয়সী একটি নবজাতক চুরির অভিযোগ করেছেন স্বজনরা। বাচ্চাটির নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ। মিরপুরের রূপনগরের ১০ নম্বর টিনশেড এলাকার বাসিন্দা রাজমিস্ত্রী মো. হিরণের স্ত্রী শাহিনা গত মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর মা ও শিশুটিকে ১০৬ নম্বর ওয়ার্ডের অতিরিক্ত বেডে রাখা হয়।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে শিশুটিকে নিয়ে হাসপাতালের বিছানায় ঘুমিয়ে পড়েন শাহিনা। এরপর পর থেকে শিশুটি নিখোঁজ। নিখোঁজ নবজাতকের দাদি মশুরা বেগম জানান, আব্দুল্লাহ মায়ের বুকের দুধ পাচ্ছিল না। পাশের ১৪ নম্বর বেডে সন্তান প্রসব করা শম্পা নামে এক নারী তাকে দুধ খাওয়াতো। আজ দুপুর ২টার দিকে ওই শম্পার কোলে দেখা যায় আব্দুল্লাহকে। শম্পা এখনো ওয়ার্ডেই আছে। কিন্তু বাচ্চার খবর সে নাকি জানে না! ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. নাজমুল হক বলেন, একটি নবজাতকের নিখোঁজ সংবাদ পেয়েছি। হাসপাতালে সতর্কতা জারি করা হয়ছে। ছাড়পত্র ছাড়া কোনো শিশু হাসপাতাল থেকে বের হতে পারে না। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা মেডিকেলের ১০৬ নম্বর ওয়ার্ডে নবজাতক ছেলে চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে ওই শিশুর বাবা শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা সিসি ফুটেজ দেখে চোরকে শনাক্তের চেষ্টা করছি।
Post Views: ০
|
|