প্রচ্ছদ » স্লাইডার নিউজ » ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ ধরা পড়া সেই এসআইয়ের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ
Wednesday June 21, 2023 , 6:09 pm
অপর ধারায় ওই ২ আসামির ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ এবং ২০ হাজার টাকা জরিমানা
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ ধরা পড়া সেই এসআইয়ের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর মাদক মামলায় বরখাস্ত হওয়া পুলিশের এসআই হেলাল উদ্দীন প্রমানিক (৪২) সহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া ১২ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। বুধবার (২১ জুন) ঠাকুরগাঁও সিনিয়র দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন। অপর ধারায় ওই ২ আসামির ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ এবং ২০ হাজার টাকা জরিমানাও করেন বিচারক মামুনুর রশিদ। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ৩ নং আসামি মো. মাসুদ রানা (২৮) কে অব্যাহতি দেন তিনি। কারাদণ্ডপ্রাপ্ত হেলাল উদ্দীন প্রমানিক নওগাঁ জেলার দরিয়াপুর গ্রামের মৃত জগি প্রমানিকের ছেলে। অপর আসামি ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার মন্ডলাদাম গ্রামের মৃত বাদল দাসের ছেলে মানিক দাস (৩৫)। মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন ঠাকুরগাঁও পাবলিক প্রসিকিউটর এ্যাড. শেখর কুমার রায়। অপরদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাড. রফিজ উদ্দিনসহ কয়েকজন আইনজীবী। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৩ জুন পীরগঞ্জ উপজেলা পরিষদের পুরাতন ডাক বাংলোর আঙিনা থেকে তৎকালীন পীরগঞ্জ থানার পুলিশের এসআই হেলাল উদ্দীন প্রমাণিককে নীল রঙের পলিথিন ব্যাগ ধরে রাখা অবস্থায় আটক করে ঠাকুরগাঁও ডিবি পুলিশ। তার ওই নীল রঙের ব্যাগটি থেকে ৫ হাজার পিস পাওয়া যায়। এময় মানিক দাস নামে একজনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৩ হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। পরে হেলাল উদ্দীন প্রমাণিকের দেওয়া তথ্য মতে তার বাড়ির ঘরের খাটের নিচ থেকে ২ কেজি গাঁজাও উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই ডিবি পুলিশের এসআই (নি:) রূপ কুমার সরকার বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।