অভিযানে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার, ইয়াবা বিক্রিলব্ধ ২ লক্ষ ৪ হাজার ৫শত টাকা জব্দ
পিরোজপুরের কাউখালীতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ইয়াবাসহ আটক ৩
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা ও ২ লক্ষাধীক টাকাসহ মা ও ছেলে মেয়েসহ একই পরিবারের ৩জনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। স্থানীয় ও পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ বিভাগ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ বিভাগের সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদেরের নেতৃত্বে একটি দল কাউখালী উপজেলার মধ্য শিয়ালকাঠী গ্রামে খলিলুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের মধ্যে পলিথিনে মোড়ানো সাড়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় তারা ইয়াবা বিক্রিলব্ধ ২ লক্ষ ৪ হাজার ৫শত টাকাও জব্দ করে। মাদক কেনা বেচার সাথে জড়িত থাকার অভিযোগে তারা খলিলুর রহমানের স্ত্রী শারমিন আক্তার (৪৫), ছেলে মেহেদী হাসান মুন্না (১৯) ও মেয়ে ইকতার জাহান তিশা (২২) কে আটক করেন। এ সময় তার আরেক ছেলে সাইফুল ইসলাম পায়েল (২৬) পালিয়ে যায় বলে মাদক নিয়ন্ত্রণ বিভাগ জানায়। এ বিষয়ে পিরোজপুরের কাউখালী থানায় একটি মাদক মামলা দায়েরও প্রস্তুতি চলছে।