|
আগামী ১৬ অথবা ১৭ জুলাই সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু এটি উদ্বোধন করবেন
চালু হচ্ছে পিরোজপুরের কাউখালী-সোনাকুর ফেরি সার্ভিস, স্বস্তিতে উপজেলাবাসী
বহু প্রতীক্ষার পর অবশেষে পিরোজপুরের কাউখালী-সোনাকুর খেয়াঘাটের সন্ধ্যা নদীতে চালু হচ্ছে কাঙ্খিত ফেরি সার্ভিস। আগামী সপ্তাহে এই ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি। জানা গেছে, ১৯৯৬ সালে তৎকালীন যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কাউখালীর চারদিক নদী বেষ্টিত দুটি ইউনিয়নের জনসাধারণের চলাচলের সুবিধার্থে সোনাকুর-কাউখালী খেয়াঘাটে ফেরি সার্ভিস চালু করেছিলেন। পরবর্তী সরকার ক্ষমতায় এসে ফেরি সার্ভিসটি বন্ধ করে দেয়। সম্প্রতি পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এক জনসভায় কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নবাসীর দাবির প্রেক্ষিতে সোনাকুর ফেরি ঘাটটি পুনরায় চালু চালুর ঘোষণা দেন। এমপি আনোয়ার হোসেন মঞ্জু সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ফেরিঘাটটি পুনরায় চালু করার জন্য চিঠি দিলে সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ফেরিঘাট স্থাপনে প্রশাসনিক অনুমোদন দেয়। অনুমোদনের পর ঘাট দুটিতে অবকাঠামো নির্মাণে গতি বৃদ্ধি পায়। সম্প্রসারণ করা হয় রাস্তা। ফেরিঘাটে যানবাহন ওঠানামায় নির্মাণ করা হয় অ্যাপ্রোচ রোড। আনা হয়েছে ফেরি এবং দুটি নতুন পন্টুন। রবিবার (৫ জুলাই) পন্টুন স্থাপনের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, করোনা ভাইরাসের কারণে ফেরিটি চালু করতে তিন মাস দেরি হয়েছে। এলাকাবাসী জানান, কাউখালী-সোনাকুর খেয়াঘাট দিয়ে ফেরি সার্ভিস চালু হলে জেলা সদরের কলাখালী, শ্রীরামকাঠী বন্দর এবং পার্শ্বর্বর্তী স্বরুপকঠী উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি সাধিত হবে। ফেরি সার্ভিস চালু হলে প্রতিদিন যাতায়াতকারী সহস্রাধিক মানুষ উপকৃত হবেন। কাউখালীর সঙ্গে পার্শ্ববর্তী উপজেলার ব্যবসায়িক যোগাযোগ আরও সহজ হবে। কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু বলেন, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির উদ্যোগে ফেরি সার্ভিসটি পূণরায় চালু হওয়ায় কাউখালীবাসীর দীর্ঘ দিনের দাবি পূরণ হলো। এলাকার জনসাধারণ সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির দীর্ঘায়ু কামনায় দোয়া করেছেন। আগামী ১৬ অথবা ১৭ জুলাই সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু এটি উদ্বোধন করবেন। এদিকে রবিবার দুপুরে ফেরিঘাট এর কাজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, পিরোজপুর জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, বরিশাল সড়ক ও জনপথ (ফেরি বিভাগ) এর উপ সহকারী প্রকৌশলী প্রসেনজিৎ, পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো: মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম প্রমুখ।
Post Views: ০
|
|