মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর ইন্দুরকানীতে একটি বসতঘরে অগ্নিকান্ডে নগদ সাড়ে ৭ লাখ টাকাসহ বসতঘরের আসবাবপত্র, মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের কলারন মধুমালা গ্রামের আশ্রাফ আলী ফরাজীর বসতঘরে এ অগ্নীকাণ্ডের ঘটনা ঘটে। ইন্দুরকানী উপজেলা ফায়ারসার্ভিস স্টেশন না থাকায় এলাকাবাসী ঘন্টাখানেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। এতে ক্ষতির পরিমান বৃদ্ধি পায়। অগ্নিকান্ডে জমি রেজিস্ট্রি করার জন্য ঘরে রাখা নগদ সাড়ে ৭ লাখ টাকা, টিভি, ফ্রিজ, ফার্নিচার, জমির দলিলপত্র ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ১০/১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির গৃহকর্তা আশ্রাফ আলী। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। বসতঘরে গ্যাসের দুটি সিলিন্ডার থাকায় আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সকালে উপজেলার নব-নির্বাচিত ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান রহমান, ভাইস-চেয়ারম্যান রুহুল আমিন বাগা ও মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন অগ্নীকাণ্ডে ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করেন।