Current Bangladesh Time
সোমবার নভেম্বর ১৬, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বারবার ঘোষণা দিলেও চালু হচ্ছে না বরিশালে বিশেষায়িত শিশু হাসপাতাল 
Sunday November 15, 2026 , 5:51 pm
Print this E-mail this

৪ বছর আগে ভবন নির্মাণ হলেও এখনো সরঞ্জাম স্থাপন, হস্তান্তর ও জনবল নিয়োগ বাকি

বারবার ঘোষণা দিলেও চালু হচ্ছে না বরিশালে বিশেষায়িত শিশু হাসপাতাল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর জন্য একের পর এক সময় ঘোষণা এসেছে। এ বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কয়েক দফা সময় ঘোষণা করা হয়েছে। সর্বশেষ আগস্টে অক্টোবরে চালুর সম্ভাবনার কথা জানানো হয়। কিন্তু অক্টোবর শেষ হলেও হাসপাতালটি চালুর অগ্রগতি নেই। চার বছর আগে ভবন নির্মাণ শেষ হলেও এখনো সরঞ্জাম স্থাপন, হস্তান্তর ও জনবল নিয়োগ বাকি। ফলে দক্ষিণাঞ্চলের শিশুদের উন্নত চিকিৎসার জন্য নির্মিত বিষেশায়িত হাসপাতালটির সেবা কবে শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। হাসপাতালটি চালুর বিষয়ে চলতি এপ্রিলের শেষ দিকে তৎকালীন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ পরিদর্শনে গিয়ে এক সপ্তাহের মধ্যে কার্যক্রম শুরুর নির্দেশ দেন। এরপর ১১ মে বরিশাল সফরে এসে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ১ আগস্টের মধ্যে হাসপাতালটি চালুর ঘোষণা দেন। এর আগে ২ জুন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারও আগস্টের মধ্যে চালুর সম্ভাবনার কথা জানিয়েছিলেন। সর্বশেষ ১৫ আগস্ট রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অক্টোবরে বরিশালসহ দেশের পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধনের সম্ভাবনার কথা বলেন। তবে অক্টোবর শেষেও সেই ঘোষণা বাস্তবায়নের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। নগরীর আমানতগঞ্জে দুই একর জমির ওপর প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে হাসপাতালের ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০১৯ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। তবে নানা জটিলতায় কাজ শেষ হয় ২০২২ সালে। এরপর প্রায় চার বছর পেরিয়ে গেলেও ভবনটি হস্তান্তর করা হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট পরিচালক মো. আকেদ হোসেন বলেন, ২০২২ সালে হাসপাতাল ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। এরপর ভবন হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু ভবনটি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, সিভিল সার্জন নাকি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ কারণে ভবন হস্তান্তর করা যাচ্ছে না। প্রকল্প পরিচালকসহ স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও সমাধান পাওয়া যায়নি। বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম বলেন, ‘হাসপাতালের আসবাবের বিভিন্ন সামগ্রী আসছে। বৈদ্যুতিক ও যান্ত্রিক কাজ শেষ হয়েছে। শুধু শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপনের কাজ চলছে। স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এসি সরবরাহ ও স্থাপনের কাজ শেষ হলে তাদের দায়িত্বের বাকি কাজও সম্পন্ন হবে।’ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, হাসপাতালের জনবল কাঠামো স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয় অনুমোদন করেছে। এতে উপপরিচালক, জ্যেষ্ঠ ও কনিষ্ঠ পরামর্শক এবং জ্যেষ্ঠ স্টাফ নার্সসহ মোট ১ হাজার ৪৪০টি পদ রয়েছে। এর মধ্যে ক্যাডার পদ ৭১৫টি এবং নন-ক্যাডার পদ ৭২৫টি। তবে জনবল কাঠামো তৈরি হলেও জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া যায়নি। ফলে নিয়োগ কবে শুরু হবে, তা নিশ্চিত নয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য দপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, ‘জনবল নিয়োগের আগে তিনটি প্রধান মন্ত্রণালয়ের ধারাবাহিক প্রশাসনিক অনুমোদন নিতে হবে। এরপর প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সুপারিশ এবং প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে। এসব প্রক্রিয়া শেষ হওয়ার পর নিয়োগ শুরু হবে। এত বড় নিয়োগ-প্রক্রিয়া শেষ করে আগামী ছয় মাসের মধ্যে হাসপাতালটি চালুর সম্ভাবনা অন্তত আমরা দেখছি না।’ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার বলেন, ‘প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের নির্দেশনায় হাসপাতালটির কার্যক্রম শুরুর প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। ভবনের কাজ শেষ হয়েছে এবং আসবাবপত্রও এসেছে। নার্স, আনসার ও অন্যান্য কর্মীর পদ সৃজন হয়েছে। জনবল নিয়োগের প্রক্রিয়াও কাছাকাছি পর্যায়ে রয়েছে। হাসপাতালটির কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে আশা করছি।’




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা
Image
বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীকে আফরোজা খানম নাসরীনের ফুলেল শুভেচ্ছা
Image
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম
Image
বারবার ঘোষণা দিলেও চালু হচ্ছে না বরিশালে বিশেষায়িত শিশু হাসপাতাল
Image
বরিশালে ৪০ দিনে গ্রেপ্তার ৫০০, অপরাধ দমনে কঠোর অবস্থানে কোতোয়ালি থানার ওসি