দর্শনার্থীদের উপস্থিতিতে নদীর দুই পাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নদীর ঢেউ আর মাঝি-মাল্লাদের বৈঠার ছন্দে আজ মেতে উঠেছিলেন উজিরপুরসহ আশেপাশের গ্রামবাসীরা। ‘উজিরপুর নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬’কে ঘিরে এই আনন্দ উৎসব। প্রতি বছরই উজিরেপুরে এই আয়োজন হয়ে থাকে। এবারও বিকাল ৩টায় শিকারপুর সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজসংলগ্ন সন্ধ্যা নদীতে শুরু হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ। প্রতিযোগিতাকে ঘিরে বীর মুক্তিরযোদ্ধা (মেজর) এম.এ.জলিল স্মৃতিসেতু এবং নদীর উত্তর ও দক্ষিণ তীরজুড়ে মানুষের ঢল নামে। বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে নদীর দুই পাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মাঝি-মাল্লাদের ছন্দময় বৈঠার টান আর নৌকার গতির সঙ্গে পাল্লা দিয়ে দর্শকদের করতালি ও উল্লাস পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত। উজিরপুর উপজেলা প্রশাসন ও উন্নয়ন সংস্থা আভাস (AVAS) যৌথভাবে এই বাইচের আয়োজন করে। প্রতিযোগিতায় অংশ নেয় কীর্তনখোলা নদী, সুগন্ধা নদী, আড়িয়াল খাঁ নদী, সন্ধ্যা নদী, ধানসিঁড়ি নদী, তেঁতুলিয়া নদী, পায়রা নদী ও বিষখালী নদীর নামে নামকরা আটটি দল।প্রতিটি দলই সেরার লড়াইয়ে নিজেদের সামর্থ্য ও নৈপুণ্য তুলে ধরে। টান টান উত্তেজনার মধ্যে প্রথম স্থান অর্জন করে ‘সন্ধ্যা নদী’ দল, দ্বিতীয় ‘বিষখালী নদী’ দল এবং তৃতীয় স্থান অর্জন করে ‘সুগন্ধা নদী’ দল।