মন্দির প্রাঙ্গণে চলছে ব্যাপক প্রস্তুতি ও সাজসজ্জার কাজ
বরিশালের কৈলাশ মন্দিরে এবারই প্রথম দুর্গোৎসব
দানিসুর রহমান লিমন : বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বারুজীবি গ্রামের ঐতিহ্যবাহী কৈলাশ মন্দিরে এবারই প্রথমবারের মতো দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুর্গাপূজাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে চলছে ব্যাপক প্রস্তুতি ও সাজসজ্জার কাজ। ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কৈলাশ সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি প্রভাষক বিপ্লব মিত্র জানান, সংসদ সদস্য আবুল হোসেন খান ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতায় কৈলাশ মন্দির নির্মাণের কাজ এগিয়ে চলছে। মন্দির নির্মাণের পর এবারই প্রথম সেখানে শারদীয় দুর্গোৎসব আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে চলছে নানা ধরনের প্রস্তুতি। তিনি জানান, আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিমার রঙের কাজ শেষ পর্যায়ে। পাশাপাশি মন্দির ও আশপাশের এলাকায় ব্যাপক লাইটিং, ডেকোরেশন ও আলোকসজ্জার প্রস্তুতি চলছে। এবারের সাজসজ্জা অন্যান্য মন্দিরের তুলনায় ব্যতিক্রম ও আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গোৎসবকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পূজার কয়েক দিন মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভক্ত ও দর্শনার্থীদের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। কৈলাশ সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক তারক কুমার দাস জানান, পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মন্দিরের নিরাপত্তার জন্য ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, কৈলাশ মন্দিরে প্রথমবারের এই দুর্গোৎসব স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সম্প্রীতি ও আনন্দের নতুন মাত্রা যোগ করবে।