|
নাজমুলের বিরুদ্ধে তাঁর দ্বিতীয় স্ত্রীর একটি মামলা রয়েছে
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে পড়ে মো. নাজমুল হক (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে আদালত ভবনের ছয় তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত নাজমুল হক বরিশাল সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন।

তিনি নগরীর কাশীপুর এলাকার এনামুল হকের ছেলে। তবে কী কারণে বা কীভাবে তিনি ওই ভবন থেকে নিচে পড়ে গেছেন, তা এখনো স্পষ্ট নয়। এটি নিছক দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা—তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে বিকট শব্দ শুনে লোকজন ছুটে গিয়ে দেখেন ওই যুবকের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি কোতোয়ালী থানা-পুলিশকে অবহিত করা হয়। তবে তিনি ভবন থেকে লাফ দিয়েছেন নাকি দুর্ঘটনাকবশত পড়ে গেছেন, সে বিষয়ে কেউ নিশ্চিত কিছু বলতে পারেননি। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুলের বিরুদ্ধে তাঁর দ্বিতীয় স্ত্রীর একটি মামলা রয়েছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
Post Views: ০
|
|