Current Bangladesh Time
শনিবার আগস্ট ১, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ 
Thursday July 30, 2026 , 7:31 pm
Print this E-mail this

কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়

বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দুই মাসের বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি পরিশোধ, কাজের নিরাপত্তাসহ ৮ দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফরচুন সুজ লিমিটেডের শ্রমিকরা। তাদের টানা আন্দোলনে নগরীর অন্যতম ব্যস্ত নতুন বাজার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে পুলিশ এসে তাদের সড়কের একাংশে সরিয়ে দিলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েকশ শ্রমিক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কের একপাশে আন্দোলনকারীদের কর্মসূচি চলছিল। আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন, গত দুই মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না। নিয়মিত ওভারটাইম করানো হলেও সেই কাজের মজুরি পরিশোধ করা হচ্ছে না। শ্রম আইন অনুযায়ী ওভারটাইমের জন্য মূল মজুরির দ্বিগুণ পাওয়ার কথা থাকলেও তারা এক টাকাও পাননি বলে দাবি করেন। শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন ও অন্যান্য পাওনার বিষয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানালে উল্টো মানসিক হয়রানি ও নানা ধরনের চাপের মুখে পড়তে হয়। এমনকি শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করলে চাকরি ছাড়তে বাধ্য করা হয় বলেও অভিযোগ তাদের। তাই বকেয়া বেতন-ভাতাসহ ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। বরিশাল জেলা শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। দ্রুত তাদের বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি এবং অন্যান্য দাবি মেনে নিয়ে সংকটের সমাধান করতে হবে। নয়তো আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যেতে পারে বলেও জানান তিনি। এদিকে দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় নতুন বাজার ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগর পুলিশ সড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করলেও পুরোপুরি স্বস্তি ফেরেনি। ধীরগতিতে যান চলাচল করায় যাত্রীদের দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে বিক্ষোভকারীদের সড়কের একাংশে অবস্থান নিতে বলা হয়েছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। তবে এ বিষয়ে ফরচুন সুজ লিমিটেড কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।




Archives

Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
Image
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী
Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ