Current Bangladesh Time
সোমবার জুন ১, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় নাম : সরোয়ার 
Sunday May 31, 2026 , 2:37 pm
Print this E-mail this

তিনি ছিলেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় নাম : সরোয়ার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (মে ৩০) বিকেলে নগরীতে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী নেতৃত্ব, স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক ভূমিকা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন-অগ্রগতিতে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। স্বাধীনতা-পরবর্তী সংকটময় সময়ে তিনি জাতিকে নতুন দিক নির্দেশনা দিয়েছেন। তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং উন্নয়নমুখী রাষ্ট্রব্যবস্থার ভিত্তি সুদৃঢ় হয়েছিল। আজও তাঁর আদর্শ কোটি মানুষের হৃদয়ে প্রেরণার উৎস হয়ে আছে। তিনি আরও বলেন, শহীদ জিয়ার আত্মত্যাগ, দেশপ্রেম এবং জাতীয়তাবাদী দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাঁর দেখানো পথ অনুসরণ করেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জিয়া উদ্দিন সিকদার (সদস্য সচিব, বিএনপি-বরিশাল মহানগর), বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ খান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন এবং বরিশাল মহানগর মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা ফারহানা তিথী। এছাড়াও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে হবে। তাঁর স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মাগরিবের নামাজের পর নগরীর গির্জা মহল্লা কসাই জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি নেতৃবৃন্দ ও মুসল্লিরা। সেখানে দেশ, জাতি ও জনগণের শান্তি, সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতিবছর দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করে এবং তাঁর রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করে।




Archives

Image
বরিশাল নবগ্রাম রোডে যুবককে কুপিয়ে জখম
Image
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় নাম : সরোয়ার
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
Image
বরিশালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
Image
বরিশালের ভাটারখালে প্রকাশ্যে জুয়ার আসরে অভিযান, আটক ৬