বাবুগঞ্জ উপজেলা থেকে ধানের শীষ প্রতীকের লিফলেট ও রেপ্লিকাসহ
সেনাবাহিনীর হাতে ভুয়া সাংবাদিক আটক, নগদ অর্থদণ্ড
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন বরিশাল–৩ আসনের বাবুগঞ্জ উপজেলা থেকে ধানের শীষ প্রতীকের লিফলেট ও রেপ্লিকাসহ এক ভুয়া সাংবাদিককে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ১২) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের সামনে সেনাবাহিনীর টহল টিম একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও যাচাই-বাছাইয়ে তার সাংবাদিক পরিচয়পত্র ভুয়া বলে প্রমাণিত হয়। পরবর্তীতে গাড়ি তল্লাশি করে ধানের শীষ প্রতীকের একাধিক লিফলেট ও ধানের শীষের লোগো উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম মো: আরিফুল ইসলাম। তিনি নিজেকে ‘বার্তাবাজার’ পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দেন। ঘটনার পরিপ্রেক্ষিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন আইন–২৫ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীসহ প্রশাসনের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।