রাজধানীর মোহাম্মদপুরে ভবনের আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চার ইউনিট কাজ করে রাত সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে তিনি কীভাবে মারা গেছেন এ প্রতিবেদন লেখা সময় তা জানা যায়নি। মঙ্গলবার (২৮ জুন) দিনগত রাত ১২টা ২৫ মিনিটে আগুন লাগে ওই ভবনে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত সোয়া ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করে জানান, মোহাম্মদপুরের শাহজাহান রোডের রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে একটি ভবনে আগুনের সংবাদ পাওয়া যায়। এর ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরেকটি ইউনিট কাজ করে রাত সোয়া ১টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় একজন মারা গেছেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।