প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে হাসপাতালের সাবস্টেশনের বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, আটক ২
Saturday November 28, 2026 , 7:10 pm
নগরীর বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরির ঘটনায় জনমনে উদ্বেগ
বরিশালে হাসপাতালের সাবস্টেশনের বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, আটক ২
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বিভিন্ন স্থানে লাখ লাখ টাকার বৈদ্যুতিক তার চুরির ঘটনার মধ্যে এবার চুরির চেষ্টাকালে দু’জনকে হাতেনাতে আটক করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টার দিকে নগরীর চাঁদমারী এলাকার ইসলামী ব্যাংক হাসপাতালে এ ঘটনা ঘটে। জানা গেছে, আটক দুই ব্যক্তি হাসপাতালের সাবস্টেশন রুমে প্রবেশ করে বৈদ্যুতিক তার দেখছিলেন। এ সময় হাসপাতালের এক কর্মচারী তাদের সন্দেহজনক কর্মকাণ্ড দেখতে পেয়ে হাতেনাতে ধরে ফেলেন। পরে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে তাদের বরিশাল কোতোয়ালি থানা পুলিশে খবর দেওয়া হয়। পরে কোতয়ালী মডেল থানার এসআই মানিক ঘটনাস্থলে ঘিয়ে দুই চোরকে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিরা হলেন—বরিশালের কাউনিয়া এলাকার বাঁশের হাটখোলার আফেজ হাং ও আখির ছেলে স্বপন হাং এবং পটুয়াখালীর লোহালিয়া এলাকার শামছুল হক ও সাহিদা বেগমের ছেলে সালমান মৃধা। নগরীর বিভিন্ন স্থানে সম্প্রতি বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরির ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় হাসপাতালের সাবস্টেশন থেকে তার চুরির চেষ্টাকালে দু’জন আটক হওয়ার ঘটনায় চুরি চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের দাবি উঠেছে। পুলিশের তদন্তে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের পরিচয় ও চুরির ঘটনার বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।