Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ১২:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে তামাক নিয়ন্ত্রণে ব্যর্থতা, সুশীল সমাজের উদ্বেগ 
Thursday April 2, 2026 , 8:17 pm
Print this E-mail this

তামাকজাত পণ্যের অনিয়ন্ত্রিত বিস্তার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি

বরিশালে তামাক নিয়ন্ত্রণে ব্যর্থতা, সুশীল সমাজের উদ্বেগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়ন না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ। তাদের অভিযোগ, বিদ্যমান আইন থাকলেও এর যথাযথ প্রয়োগের অভাব এবং নতুন প্রজন্মের তামাকজাত পণ্যের অনিয়ন্ত্রিত বিস্তার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর ব্যস্ততম সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এই উদ্বেগ তুলে ধরা হয়। ‘সিটিজেনস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষাবিদ, নারী নেত্রী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, ২০০৫ সালের তামাক নিয়ন্ত্রণ আইন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও বর্তমান বাস্তবতায় এটি আর পর্যাপ্ত নয়। বিশেষ করে ই-সিগারেটসহ আধুনিক তামাকজাত পণ্যের দ্রুত বিস্তার আইনটির সীমাবদ্ধতাকে সামনে এনে দিয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে এসব পণ্যের ব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতে একটি বড় জনস্বাস্থ্য সংকটে রূপ নিতে পারে। বক্তারা সতর্ক করে বলেন, তামাক ব্যবহার ইতোমধ্যে একটি “নীরব মহামারী” হিসেবে সমাজে বিস্তার লাভ করছে। এটি শুধু ব্যক্তিগত স্বাস্থ্যঝুঁকিই নয়, বরং জাতীয় অর্থনীতি ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলছে। যথাসময়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। সমাবেশে সভাপতিত্ব করেন, বরিশাল জেলা মহিলা পরিষদের সভাপতি অধ্যাপক শাহ শাজেদা। তিনি বলেন, “তামাক ব্যবহার কোনো ব্যক্তিগত পছন্দের বিষয় নয়; এটি একটি গুরুতর জাতীয় সংকট। ক্যান্সার, হৃদরোগ ও স্ট্রোকের মতো অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ তামাক। এর ফলে মৃত্যুহার যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্যসেবার ব্যয়ও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা দেশের সামগ্রিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে।” তিনি আরও বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। দ্রুত সময়ের মধ্যে আইনটি আধুনিকায়ন করে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার পাশাপাশি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানান তিনি। সমাবেশে আরও বক্তব্য দেন-শিক্ষাবিদ অধ্যক্ষ আমিনুর রহমান, উইমেন্স চেম্বারের পরিচালক রেবেকা সুলতানা, আইসিডি’র নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, নারী অধিকার কর্মী হাসিনা বেগম এবং সংগঠনের বিভাগীয় আহ্বায়ক শুভঙ্কর চক্রবর্তী। তারা বলেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহিতা বাড়াতে হবে। বক্তারা ই-সিগারেটসহ সকল ধরনের তামাকজাত পণ্যের উৎপাদন, আমদানি, বিপণন ও ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি জানান। পাশাপাশি জনসমাগমস্থলে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা, তামাকের বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধ করা এবং বিশেষ করে তরুণদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা আরও বলেন, তামাক নিয়ন্ত্রণে আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিও সমান গুরুত্বপূর্ণ। এজন্য গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।সমাবেশ থেকে সরকারের প্রতি দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন, বাস্তবায়নে কঠোরতা আরোপ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়। অন্যথায়, এই “নীরব মহামারী” অদূর ভবিষ্যতে একটি বড় জাতীয় স্বাস্থ্য সংকটে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১