২ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ৫০৪ টাকার পে-অর্ডার জালিয়াতি মামলা
বরিশালে আওয়ামীলীগ নেতা ফরহাদ মুন্সি জেল হাজতে
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ২ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ৫০৪ টাকার পে-অর্ডার জালিয়াতি মামলায় বরিশাল গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান ফরহাদ মুন্সিকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। বুধবার (মার্চ ১৫) বরিশাল জেলা ও দায়রা জজ একেএম রাশেদুজ্জামান তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন, আদালতের বেঞ্চ-সহকারী কামরুল ইসলাম। এর আগে মো: নুরুজ্জামান ফরহাদ মুন্সি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেয়। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। মামলার বাদী বরিশাল জেলা খাদ্য বিভাগের পরিদর্শক মো: দেলোয়ার হোসেনের আইনজীবী আব্দুর রহমান হাওলাদার রিপন জানান, এলাহী এগ্রো লিমিটেড খাদ্য বিভাগের খাদ্যে পুষ্টিগুণ বাড়ানোর তালিকাভুক্ত প্রতিষ্ঠান। এই কাজে ২০১৮ সালের ১২ই ডিসেম্বর থেকে ২০২২ সালের ১৫ই জুন পর্যন্ত মোট ১১টি পে-অর্ডারের মাধ্যমে ২ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ৫০৪ টাকার জামানত দেয় এলাহী এগ্রো লিমিটেড। যা যাচাইয়ে ভুয়া প্রমাণিত হয়। অগ্রণী ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপক মো: আলী রেজার সহযোগিতায় এই পে-অর্ডার জালিয়াতি করেন তিনি। ১১টি পে-অর্ডারের মাধ্যমে সরকারকে জামানত বাবদ ২ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ৫০৪ টাকা দেয়া হলেও সরকারের কোষাগারে জমা হয়েছে ৭ হাজার ২শ’ টাকা। তিনি আরও বলেন, খাদ্য বিভাগের হিসাবে জমা হওয়া ২ কোটি ৬৮ লাখ ২৯ হাজার টাকার পে-অর্ডারের প্রকৃত মূল্য মাত্র ৭ হাজার ২শ’ টাকা। ১শ’ টাকার একটি পে-অর্ডার জালিয়াতি করে ১ কোটি ৯ লাখ ৩৯ হাজার ৫০৪ টাকা দেখানো হয়েছে। ৩ লাখ ৩৪ হাজার ৪শ’ টাকার একটি পে-অর্ডার যাচাই করে পাওয়া গেছে ২শ’ টাকা। অন্য ৯টি পে-অর্ডারও অনুরূপ জালিয়াতি করে খাদ্য বিভাগে জমা দেয় এলাহী এগ্রো। একই সঙ্গে ফরহাদ হোসেনের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করে তার মালিকানাধীন ৩টি মিল কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা খাদ্য অফিসের পরিদর্শক মো: দেলোয়ার হোসেন। এ ঘটনায় গত ৫ জানুয়ারী জেলা খাদ্য বিভাগের পরিদর্শক মো: দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামী অগ্রণী ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপক মো: আলী রেজা।