মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে সবগুলোতেই বড় ব্যবধানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা জয়ী হয়েছেন। ভরাডুবি হয়েছে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থীদের। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীন ভোটগ্রহন এবং পরবর্তীতে গণনা শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বিজয়ীদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। রাত পৌঁনে ১২টার দিকে ফলাফল ঘোষণা শেষ হয়। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগ তথা মহাজোটের প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি মন্ত্রী পদমর্যাদার আবুল হাসানাত আবদুল্লাহ ২ লাখ ৫ হাজার ৫০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির এম জহিরউদ্দিন স্বপন পেয়েছেন ১ হাজার ৩০৫ ভোট। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আওয়ামী লীগের মো. শাহে আলম ২ লাখ ১২ হাজার ৩৪৪ ভোট পেয়ে প্রথমবারের মতো সাংসদ নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু পেয়েছেন ১১ হাজার ১৩৭ ভোট। জাতীয় পার্টির প্রার্থী চিত্রনায়ক মো. মাসুদ পারভেজ সোহেল রানা পেয়েছেন ১ হাজার ৪৭১ ভোট। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টিও (জাপা) গোলাম কিবরিয়া টিপু লাঙ্গল প্রতীক নিয়ে ৫৪ হাজার ৭৭৮ ভোট পেয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির অ্যাডভোকেট জয়নুল আবেদীন পেয়েছেন ৪৭ হাজার ২৮৭ ভোট। গোলাম কিবরিয়া টিপু বলেন,‘বাংলাদেশের সকল আসনের মধ্যে একমাত্র তার আসনেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। এ ছাড়া অন্যান্য আসনে নির্বাচনের কোনো আমেজ দেখেননি তিনি।’ বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী পংকজ নাথ ২ লাখ ৪১ হাজার ৩ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্টের জে এম নুরুর রহমান জাহাঙ্গীর ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ২৮২ ভোট। বরিশাল-৫ (সদর ও মহানগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ২ লাখ ১৫ হাজার ৮০ ভোট পেয়ে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ৩১ হাজার ৩৬২ ভোট। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জাতীয় পার্টির (জাপা) নাসরিন জাহান রত্না লাঙ্গল প্রতীক নিয়ে ১ লাখ ৫৯ হাজার ৩৯৮ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল ইসলাম আল আমিন হাতপাখা প্রতীক নিয়ে ১৪ হাজার ৮৪৫ ভোট পেয়েছেন। ওই আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান পেয়েছেন ১৩ হাজার ৬৫৮ ভোট। বরিশাল জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, সবগুলো আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। বিরোধী প্রার্থীদের নানা অভিযোগ থাকলেও এই নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য হয়েছে বলে দাবি করেন রিটার্নিং কর্মকর্তা।