Current Bangladesh Time
রবিবার এপ্রিল ১২, ২০২৬ ৯:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের চরকাউয়ায় স্বনির্ভর খাল পরিদর্শনে সিটি প্রশাসক 
Thursday April 9, 2026 , 7:41 pm
Print this E-mail this

অবহেলা, রক্ষণাবেক্ষণ এবং প্রাকৃতিক কারণে খালটি প্রায় মৃতপ্রায়

বরিশালের চরকাউয়ায় স্বনির্ভর খাল পরিদর্শনে সিটি প্রশাসক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত ঐতিহাসিক স্বনির্ভর খাল পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক (ভারপ্রাপ্ত মেয়র) বিলকিস আক্তার জাহান শিরিন। বৃহস্পতিবার (এপ্রিল ৯) বৈরি আবহাওয়ার মধ্যেও তিনি সরেজমিনে উপস্থিত হয়ে খালটির চলমান পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের গ্রামীণ অর্থনীতি ও কৃষি উন্নয়নের কথা মাথায় রেখে যে স্বনির্ভর খালগুলো খনন করেছিলেন, তা আজও তাঁর দূরদর্শী নেতৃত্বের প্রমাণ বহন করে। চরকাউয়ার এই খালটি একসময় এ অঞ্চলের কৃষির প্রাণসঞ্চারক ছিল। কিন্তু দীর্ঘ প্রায় ১৭ বছর অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রাকৃতিক কারণে খালটি প্রায় মৃতপ্রায় হয়ে পড়ে। এতে করে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং হাজার হাজার কৃষক পরিবার তাদের জীবিকা হারানোর ঝুঁকিতে পড়ে।” তিনি আরও বলেন, “বর্তমানে সাংবাদিক নেতা মো: খালিদ সাইফুল্লাহ্’র উদ্যোগ এবং সরকারের সার্বিক সহযোগিতায় খালটি পুনঃখননের মাধ্যমে পুনরুজ্জীবিত করার যে কার্যক্রম চলছে, তা অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। এই উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পানির সুষ্ঠু প্রবাহ নিশ্চিত হলে কৃষকরা আবারও স্বাভাবিকভাবে চাষাবাদ করতে পারবেন, যা স্থানীয় অর্থনীতিকে গতিশীল করবে।” তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, “পুনঃখনন কাজ যেন সঠিক পরিকল্পনা ও মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করা হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে, যাতে এটি দীর্ঘমেয়াদে কৃষকদের উপকারে আসে। একইসাথে খালটির নিয়মিত রক্ষণাবেক্ষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।” এ সময় উপস্থিত ছিলেন-বরিশাল রিপোর্টস ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান ফেরদৌস সোহাগ, দৈনিক আজকের পরিবর্তনের প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, আরটিভি’র ব্যুরো প্রধান মো: আলী খান জসিম, বরিশাল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মো: কাওসার হোসেন, মাইটিভির ব্যুরো প্রধান পারভেজ রাসেল, দীপ্ত টেলিভিশনের ব্যুরো প্রধান মো: মর্তুজা জুয়েল, দৈনিক সময়ের বার্তার সিনিয়র সাংবাদিক মুহম্মদ ইমন খন্দকার হৃদয়, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইসমাইল হোসেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ, সহকারী প্রকৌশলী আতায়ে রাব্বীসহ অন্যান্যরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ স্বনির্ভর খালটির মধ্যে ইতোমধ্যে প্রায় ৪ কিলোমিটার পুনঃখনন কাজ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর অর্থায়ন এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। গত বছর শুরু হওয়া এই কার্যক্রম চলতি বছরেও অব্যাহত রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে পুরো কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন খালটির পানিপ্রবাহ বন্ধ থাকায় এলাকার হাজার হাজার একর কৃষিজমি অনাবাদি হয়ে পড়ে। ফলে কৃষকরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। অনেকেই বিকল্প পেশায় যেতে বাধ্য হন। তবে পুনঃখনন কাজের অগ্রগতিতে কৃষকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। স্থানীয় কৃষকদের ভাষ্য, “খালটির কাজ সম্পন্ন হলে সেচ সংকট অনেকাংশে দূর হবে। আমরা আবার আগের মতো চাষাবাদ করতে পারব। এতে উৎপাদন বাড়বে এবং আমাদের আয়ও বৃদ্ধি পাবে।” উল্লেখ্য, স্বনির্ভর খালটির পুনঃখনন কার্যক্রমের প্রধান উদ্যোক্তা সাংবাদিক নেতা মো: খালিদ সাইফুল্লাহ। তার এ উদ্যোগকে স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সাধুবাদ জানিয়েছেন। এর আগে বিভিন্ন সময়ে খালটি পরিদর্শন করেছেন-প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ড. জিয়া উদ্দীন হায়দার, সংসদ সদস্য মো: মজিবর রহমান সরোয়ার, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, আইএমডির পরিচালক আবু সাঈদ মুহাম্মদ ফজলে এলাহী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাকসুদা ইয়াসমিন, পুলিশ কমিশনার মো: শফিকুর রহমান এবং জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমনসহ অন্যান্য রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।




Archives
Image
নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি
Image
বিটিভির জনপ্রিয় জাদু বিষয়ক অনুষ্ঠান ‘ম্যাজিক শো’
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন
Image
বরিশালের চরকাউয়ায় স্বনির্ভর খাল পরিদর্শনে সিটি প্রশাসক
Image
বরিশালে অটোরিকশাচাপায় স্কুলছাত্রীর মৃত্যু, সড়ক অবরোধ