পিরোজপুরে ধর্ষণের সময় হাতে নাতে ধরা ছাত্রলীগ নেতা!
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্বামী পরিত্যক্তা এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সময় হাতেনাতে ধরা পড়েছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম মোঃ তরিকুল ইসলাম ওরফে তারেক হাসান (২৬)। অভিযুক্ত তারেক হাসান উপজেলার মালিখালী ইউনিয়নের দক্ষিণ তুতবাড়ি গ্রামের আবুল হাশেম খলিফার ছেলে। উপজেলার মালিখালী ইউনিয়নের টুতবাড়ি (গোধারা) গ্রামের বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী ওই বিয়ের দাবিতে তারেকের বাড়িতে অবস্থান নেন। পরে বিকেলে মাটিভাঙ্গা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মোঃ রহিম তাকে থানায় নিয়ে আসেন। ভুক্তভোগী ওই নারী জানান, ছাত্রলীগ নেতা তারেক হাসান বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছেন। বুধবার রাত ১০টার দিকে তারেক ওই নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করতে যান। এতে তিনি চিৎকার করলে তারেক তার মুখ চেপে ধরেন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই নারীর ঘরের চারপাশে অবস্থান নিয়ে তারেককে আটক করেন। তবে পরে তিনি কৌশলে পালিয়ে যান। এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম চৌধুরী তাপসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তারেক হাসানকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে স্বীকার করেন। অভিযোগের বিষয়ে তাকে জানানো হলে তিনি বলেন, ‘অভিযোগের সত্যতা প্রমাণ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে।’ নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুনিরুল ইসলাম বলেন, ঘটনাটি প্রেমঘটিত মনে হচ্ছে। ওই নারী বিয়ের জন্য চাপ দিলে তারেক অস্বীকার করে পালিয়ে যায়। ভুক্তভোগী নারী মামলা করলে ব্যবস্থা নেয়া হবে।