মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত সত্তরোর্ধ্ব অসুস্থ হতদরিদ্র বৃদ্ধ আবুল হাসেম মুসল্লীকে মানবিক খাদ্য সহয়তা দিয়ে তার চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও উর্মী ভৌমিক। রোববার দুপুরে উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামের বৃদ্ধ আবুল হাসেম মুসল্লী অসুস্থ্য অবস্থায় লাঠি বর করে ওষুধ কেনার জন্য চিকিৎসা পত্র হাতে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় আসেন। ইউএনও উর্মী ভৌমিক অসুস্থ্য ওই বৃদ্ধ হাসেম মুসল্লীর শারীরিক অবস্থা দেখে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। তাৎক্ষণিক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলল তালুকদারকে ডেকে দুর্যোগ ব্যবস্থাপনার মানবিক সহায়তা হিসেবে-চাল, ডাল, তেল চিনি চিড়া, লবন ওই বৃদ্ধের হাতে তুলে দেন এবং তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মী ভৌমিক জানান, ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে হতদরিদ্র বৃদ্ধ হাসেম মুসল্লীর ঘর বিধ্বস্ত হয়। ঘরে খাবার ও ওষুধ কেনার টাকা নাই। সে জন্য তাকে মানবিক সহয়তা হিসেবে খাদ্যসামগ্রী দেওয়া ও তার চিকিৎসার দায়িত্ব নেয়া হয়েছে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলন তালুকদার, মহিউদ্দিন আহম্নেদ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক জুলহাস শাহীনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।