মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের নাজিরপুরে কৃষকদের ধান কেটে দিলো ছাত্রলীগ। রোববার (২৬ এপ্রিল) উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা গ্রামের ৩ কৃষকের ধান কেটে তা বাড়ি পৌঁছে দেয় উপজেলা ছাত্রলীগ। নাজিরপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো: তরিকুল ইসলাম চৌধুরী তাপসের নেতৃত্বে সকাল ৯টায় শুরু হওয়া ওই ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকসহ প্রায় শতাধিক ছাত্রলীগ কর্মীরা। এ সময় ওই এলাকার ৩ কৃষকের প্রায় ৮ একর জমির ধান কেটে তা বাড়ি পৌছে দেন। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো: তরিকুল ইসলাম চৌধুরী তাপস জানান, আমি সম্প্রতি স্থানীয় ছাত্রলীগের এক কর্মীর মুঠোফোনের মাধ্যমে জানতে পারি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা গ্রামের বর্গা চাষী জাফর শেখ, মিনার শেখ ও মোস্তফা শেখসহ ওই এলাকার প্রায় ৬/৭ জন বর্গা চাষী তাদের আর্থিক সমস্যার কারণে ধান কাটতে পাড়ছে না। পরে ওই সব কৃষকদের কাছে গিয়ে খোঁজ-খবর নিয়ে এ কর্মসূচি হাতে নেই। স্থানীয় কৃষক মোস্তফা শেখ জানান, জমির ধান পেকে গেছে। তাছাড়া জমিতে পানিও উঠেছে। কিন্তু শ্রমিক সঙ্কটের কারণে জমির ধান কেটে বাড়িতে নিতে পারছিলাম না। ছাত্রলীগের এমন উদ্যোগে আমার ধান কেটে বাড়ি পৌঁছে যাওয়ায় দু:শ্চিন্তা মুক্ত হলাম। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: অনিরুজ্জামান অনিক জানান, কেন্দ্রীয় ছাত্রলীগ ও পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর নির্দেশে আমরা জেলাব্যাপী এ কর্মসূচি চালাচ্ছি। যে সব কৃষক আর্থিক সমস্যার কারণে তাদের ধান কেটে বাড়িতে নিতে পারবেন না তারা আমাদের ফোনে জানালে আমরা সেখানে গিয়ে ওই সব কৃষকের ধান কেটে দিবো।