|
দোতলা ভবনের ছাদে তল্লাশি চালিয়ে এসব মালামাল উদ্ধার, আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান
পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান : কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে ৬৯টি শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি সেট, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড ও একটি চামড়ার তৈরি অস্ত্রের কভারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ।পুলিশ জানায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী-এর দিকনির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) কাউখালী থানা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে কাউখালী থানাধীন ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তার নিকট মৃত শাখাওয়াত হোসেনের দোতলা ভবনের ছাদে তল্লাশি চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৬৯টি শর্টগানের কার্তুজের প্রতিটির গায়ে “Rubber Buckshot, 2023-BP-67mm, Made in Cyprus” লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া উদ্ধার করা দুটি ওয়াকিটকির মধ্যে একটির ব্র্যান্ড Motorola, মডেল AAH38KDC9AA3A9FD, সিরিয়াল নম্বর 004THQF993 এবং অপরটির মডেল VX-821-67-5, সিরিয়াল নম্বর 9M730375। উদ্ধার করা খেলনা পিস্তলটির গায়ে “PIETRO BERETTA, US, 9mm M9-P ERETTA, MOD.22FS, CAL9” লেখা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার যুবকের নাম মোঃ শাওন ইসলাম অপু (২৪)। তিনি শিয়ালকাঠী এলাকার মৃত মোঃ শাখাওয়াত হোসেনের ছেলে।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পিরোজপুর জেলা পুলিশ জানায়, যেকোনো অপরাধজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
Post Views: ০
|
|