|
আসামী গ্রেফতারের চেষ্টা চলছে-কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন
পিরোজপুরের কাউখালীতে নৌ কর্মকর্তাকে পেটালো ছাত্রলীগ নেতা, থানায় মামলা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে চাঁদা না পেয়ে নৌবাহিনীর প্রকৌশলীকে পিটিয়ে আহত করা হয়েছে। আহত হলেন, উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামের চাঁন মিয়া সরদারের ছেলে জহিরুল ইসলাম। তিনি নৌ বাহিনীর বেসামরিক ১ম শ্রেনীর প্রশিক্ষক ও উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

এ ঘটনায় ঐ নৌবাহিনীর প্রকৌশলীর ফুফু নাছিমা বেগম বাদী হয়ে মঙ্গলবার (২২ জুন) মামলা দায়ের করেন। মামলায় সাবেক ছাত্রলীগ নেতা নামজুল হাসান প্রিন্স তালুকদারসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন। আসামী নামজুল হাসান প্রিন্স তালুকদার উপজেলার ফলইবুনিয়া গ্রামের মোঃ কয়েজ তালুকদারের ছেলে। এছাড়া তিনি ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ফুটবল ম্যাচ আয়োজনসহ বিভিন্ন উপলক্ষে নৌ কর্মকর্তার কাছে বিভিন্ন সময় চাঁদা দাবী করতেন ছাত্রলীগ নেতা নামজুল হাসান প্রিন্স তালুকদার। এ চাঁদা দিতে অস্বীকৃতি করার গত ৯ জুন বিকেলে ছাত্রলীগ নেতা নাজমুল ও তার দলবল নৌ কর্মকর্তা জহিরুল ইসলামকে মারধর করেন। এতে গুরুতর আহত হন জহিরুল ইসলাম। কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন জানান, নৌবাহিনীর প্রকৌশলীকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
Post Views: ০
|
|