|
নানান অনৈতিক অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাভিশন এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে
পাল্টাপাল্টি গুরুতর অভিযোগ : বাংলাভিশনের বরিশাল ব্যুরোর দুজনকে অব্যাহতি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সহকর্মী সম্পর্কে পাল্টাপাল্টি গুরুতর অভিযোগ দেওয়ায় বাংলাভিশনের বরিশাল ব্যুরোর স্টাফ রিপোর্টার মো. মিজানুর রহমান (শাহীন হাসান) ও ক্যামেরাপার্সন কামাল হাওলাদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। নানান অনৈতিক অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাভিশন এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে। এ দুজনের সাথে বাংলাভিশনের কোনো সম্পর্ক নেই। সম্প্রতি ক্যামেরাপার্সন কামাল হাওলাদারের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড, অসহযোগিতা ও অপেশাদার আচরণের লিখিত অভিযোগ করেন স্টাফ রিপোর্টার শাহীন হাসান। সেখানে তিনি উল্লেখ করেন, ক্যামেরাম্যান কামাল হাওলাদার অপেশাদার আচরণ করেন, ক্যামেরা বের করতে চান না, অযৌক্তিক কথা বলে কর্মপরিবেশ নষ্ট করেন। এছাড়াও কামাল হাওলাদারকে নিয়ে অভিযোগ করে শাহীন আরও বলেন, সম্প্রতি অবৈধ মিনি সাবান তৈরির কারখানা সম্পর্কিত একটি সংবাদ সংগ্রহে গেলে সেখানে কাজ না করেই চলে আসতে চান ক্যামেরাম্যান। প্রশ্ন করলে ক্ষিপ্ত হয়ে যান। এসময় অন্যান্য টেলিভিশনের ক্যামেরাপার্সনের ওপরও চড়াও হন। সেখানে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। তাছাড়া বেশ কয়েক বছর ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ক্যামেরাপার্সন কামাল টাকা নিচ্ছেন বলেও অভিযোগ করেছেন শাহীন। এসব নিয়ে প্রশ্ন করলে-কামাল উত্তর দেন ‘আমি এভাবেই চলমু, এই বেতনে আমার পোষায় না।’ এর বাইরেও সামনে এসেছে গুরুতর নানা অভিযোগ। নিজের শিক্ষাসনদে এসএসসি পাশ উল্লেখ করেছেন কামাল। কিন্তু আদতে তিনি নিরক্ষর বলে অভিযোগ শাহীনের। কোনো সভা-সেমিনারে গিয়ে নাম-পরিচয় রেজিস্ট্রি করার সময় নিজের নামও লিখতে পারেন না বলে অভিযোগ এসেছে। কামাল হাওলাদারের কাছে এসব অভিযোগের লিখিত জবাব চেয়েছিল বাংলাভিশন। কিন্তু তিনি সদুত্তর দিতে পারেননি। উল্টো স্টাফ রিপোর্টার শাহীন হাসানের নামে পাল্টা লিখিত অভিযোগ দিয়েছেন অফিসে। সেখানে শাহীনের সম্পর্কে এসেছে গুরুতর সব অভিযোগ। লিখিত অভিযোগে কামাল জানান, স্টাফ রিপোর্টার শাহীন বিভিন্ন অফিসে গিয়ে বিভিন্ন কর্মকর্তাদের থেকে সাক্ষাৎকার নিয়ে প্রকাশ করার ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করেন। বরিশালের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রতি মাসে মাসোয়ারা আদায় করেন। সিটি কর্পোরেশনের হাউজিং এর ভূমি দখল করেছেন, বিভিন্ন দপ্তরে টাকার বিনিময়ে নিউজ প্রকাশ না করা, নগরীর আবাসিক হোটেল থেকে মাসিক টাকা আদায় করা, বুম হাতে নিয়ে হুটহাট বিভিন্ন অফিস-আদালতে হানা দেওয়ার মতো অভিযোগ করেছেন শাহীনের নামে। এছাড়াও বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান এবং ভূমি অফিস থেকে শুরু করে যে সকল কর্মকর্তাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, তাদের জিম্মি করে নিয়মিত টাকা আদায় করেন বলেও শাহীনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন ক্যামেরাপার্সন কামাল হাওলাদার। এসব অভিযোগের ব্যাপারে শাহীন হাসানকেও কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাংলাভিশন কর্তৃপক্ষ। কিন্তু তিনিও কোনো সদুত্তর দিতে পারেননি। এক পর্যায়ে দুজনের অভিযোগের তথ্য যাচাই বাছাই করে গত ১৫ জুন শাহীন হাসান ও কামাল হাওলাদারকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাভিশন। এদের মধ্যে মো. মিজানুর রহমান (শাহীন হাসান) ২০১৪ সালের ১ ডিসেম্বর স্টাফ রিপোর্টার (বরিশাল ব্যুরো) পদে নিয়োগ পেয়েছিলেন। আর ক্যামেরাপার্সন কামাল হাওলাদার ২০১৭ সালের ১৫ মার্চ থেকে ১ বছর মেয়াদী চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন।
সূত্র : বাংলাভিশন
Post Views: ০
|
|